
Hockey News: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy 2026) ভারতের পুরুষ হকি দলের দাপট অব্যাহত। বুধবার মোহালির অলিম্পিয়ান বলবীর সিং আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়াকে (India vs Korea) ৮-১ উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। এর আগে লিগ পর্বের শেষ ম্যাচেও দক্ষিণ কোরিয়াকে ৮-০ গোলে হারিয়েছিল হরমনপ্রীত সিংয়ের (Harmanpreet Singh) দল। এবার সেমি-ফাইনালেও সেই দাপট বজায় রেখে খেতাবি লড়াইয়ে পৌঁছে গেল ভারতীয় হকি দল। বৃহস্পতিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ জাপান (Japan)। ফাইনালেও দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল।
কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারতীয় হকি দল। ম্যাচের চতুর্থ মিনিটেই শিলানন্দ লাকড়ার গোলে এগিয়ে যায় ভারত। এরপর নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুরন্ত ড্র্যাগ ফ্লিকে ব্যবধান বাড়ান অধিনায়ক হরমনপ্রীত চলতি টুর্নামেন্টে এটি তাঁর দশম গোল। ১৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ভারতের ব্যবধান ৩-০ করেন শিলানন্দ। তবে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগে হান সাংজুন দক্ষিণ কোরিয়ার হয়ে একটি গোল শোধ করেন। প্রথম কোয়ার্টার শেষে স্কোর ছিল ৩-১। দ্বিতীয় কোয়ার্টারে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ভারতের আক্রমণ। ২১ মিনিটে সুখজিৎ সিং ও দিলপ্রীত সিং পরপর গোল করে ব্যবধান বাড়ান। এরপর ২৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ভারতকে ৬-১ ব্যবধানে এগিয়ে দেন দিলপ্রীত। দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ কার্যত দিশাহারা হয়ে পড়ে ভারতীয় আক্রমণের সামনে। তৃতীয় কোয়ার্টারেও আক্রমণের ঝড় অব্যাহত রাখে ভারত। ৩৬ মিনিটে গোল করে ব্যবধান ৭-১ করেন অঙ্গদ বীর সিং। শেষ কোয়ার্টারে ৫৪ মিনিটে বিবেক সাগর প্রসাদের গোলে ভারতের স্কোরলাইন দাঁড়ায় ৮-১। এরপর আর কোনও গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।
অন্যদিকে, প্রথম সেমি-ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র করার পর পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে জাপান। শুটআউটে পাঁচটি প্রচেষ্টাতেই গোল করতে সক্ষম হয় জাপানের খেলোয়াড়রা। ফলে বৃহস্পতিবার সন্ধে সাতটায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জাপানের মুখোমুখি হবে ভারত। সেমি-ফাইনালের দুরন্ত পারফরম্যান্সের পর এবার খেতাব জয়ের লক্ষ্যেই মাঠে নামবে হরমনপ্রীত বাহিনী।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।