
IND vs NZ 2nd Test: কী ভাবা হচ্ছিল, আর কী হল। ক্রাইস্টচার্চ টেস্টে বড় সঙ্কটে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের শেষে নিউ জিল্যান্ডের থেকে ২৪০ রানে পিছিয়ে শুভমন গিলের দল, হাতে মাত্র ৪ উইকেট। কিউই-দের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১১৬ রান। সব প্রতিষ্ঠিত ব্যাটরারই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ফলো-অন রুখতে এখনও চাই ৪০ রান, স্পেশালিস্ট ব্যাটার বলতে রয়েছেন শুধু ধ্রুব জুরেল (৭ অপরাজিত)। সঙ্গে থাকছেন চার টেলেন্ডার-কাম্বোজ, আকাশদীপ, বুমরা আর গুরনুর ব্রার। এখান থেকে ফলো-অন বাঁচালেই অনেক। ওয়েলিংটনের একেবারে পাটা পিচে ৭২০ রান করা দলের ব্যাটাররা, ক্রাইস্টচার্চের সবুজ পিচে একেবারে ধরাশায়ী হলেন। তবে পিচে জুজু নেই, এদিনে ধৈর্যের অভাবেই ডুবলেন গিলরা।
ইনিংসের প্রথম ওভারেই ম্যাট হেনরির বলে কোনও রান না করেই বোল্ড হয়ে যান যশস্বী জয়সওয়াল (০)। এরপর ভারতীয় ব্যাটররা সেট হওয়ার মুখে আউট হতে থাকেন। টেস্ট ক্রিকেটের চিরকালীন সত্যির ধৈর্যের পরীক্ষায় একেবারা ডাহা ফেল করতে যান টিম ইন্ডিয়ার ব্যাটাররা। তিনে নেমে দেবদূত পাদিক্কাল ২০ বলে ২১ রান করে জেমিসনের বলে আউট হন। অধিনায়ক গিল ১৭ রান করে জেমিসনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ঋষভ পন্থ শুরুটা ভালই করেছিলেন। কিন্তু ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার কিউই পেসার জ্যাকব ডাফির বলে খারাপ শট খেলে আউট হন ২৩ রান করে। কেএল রাহুল ৮০ বল খেলে আউট হন ২৫ রানে।
জাদেজার পরিবর্তে খেলে ওয়াশিংটন সুন্দর ৬০ বল খেলার পর ১০ রান করে আউট হন দিনের খেলার শেষ বলে। এখন যা অবস্থা থেকে এখান থেকে ফলে-অন বাঁচানো কঠিন হবে গিলদের। তবে খুব সম্ভবত ফলো-অন না করিয়ে নিউ জিল্যান্ড ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে।
বান্ডেলের অনবদ্য ৮৯
গতকাল, প্রথম দিনের শেষে নিউ জিল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ২৪৬ রান। এদিন কিউই ব্যাটাররা আরও ১১০ রান যোগ করেন। টম বান্ডেল ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। শেষের দিকে কেইল জেমিসন-ম্যাট হেনরি দুজনেই ১৯ রানের ইনিংস খেলে দলের ইনিংসে সাড়ে ৩০০ পাড় করেন। বাংলা থেকে রঞ্জিতে খেলে জাতীয় দলে সুযোগ পাওয়া আকাশদীপ ৯৯ রান দিয়ে ৫টি উইকেট পান। ২টি করে উইকেট নেন আনশুল কাম্বোজ ও গুরনুর ব্রার। ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট নেন। সবচেয়ে অবাক করা কথা হল, এমন জীবন্ত পিচে টিম ইন্ডিয়ার সেরা অস্ত্র জসপ্রীত বুমরা ২৬ ওভার বল করেও একটি উইকেটও পাননি।