
T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রানের নজির গড়ল আয়ারল্য়ান্ড (Ireland vs Oman)। শনিবার কলম্বোয় ওমানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আইরিশরা করল ৫ উইকেটে ২৩৫ রান। টি-২০ বিশ্বকাপে একটা ইনিংসে কোনও দলের সর্বাধিক রানের রেকর্ডটা শ্রীলঙ্কার (২৬০/৬, কেনিয়ার বিরুদ্ধে ২০০৭ সালে)। এরপরই জায়গা করে নিল আয়ারল্যান্ড। এদিন ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে এই বিষয়ে ইংল্যান্ড (২৩০ রান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ২০১৬ বিশ্বকাপ)-কে ছাপিয়ে গেল আয়ারল্যান্ড। এদিন আইরিশদের এই নজির গড়া ইনিংসের পিছনে নায়ক অধিনায়ক লরকান টাকার (Lorcan Tucker)। পল স্টার্লিং চোট পেয়ে ছিটকে যাওয়ায় এদিন দেশকে নেতৃত্ব দিতে নেমে টাকার ৫১ বলে ৯৪ রানের অপরাজিত অবিশ্বাস্য ইনিংস খেললেন। টাকার ১০টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি।
সাত নম্বরে নেমে জর্জ ডকরেলের ৯ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসে আইরশিদের রানটা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ডকরেল ৫টি ছক্কা হাঁকিয়ে দলের রানকে ২৩৫-এ নিয়ে যান। আয়ারল্যান্ড যে এত রান করবে তা ইনিংসের ১৭তম ওভারেই বোঝা যায়নি। তখন আইরিশদের স্কোর ছিল ১৬৫। সেখান থেকে শেষ তিন ওভারে টাকার-ডকরেলরা করলেন ৭০ রান। ৬৪ রানের মধ্য়ে ৩ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল আইরিশরা। ওমানের স্পিনার শাকিল আহমেদ ৩টি উইকেট তুলে নিয়ে রীতিমত চাপ তৈরি করেছিলেন। কিন্তু ইনিংসের শেষের কয়েকটা ওভারে আইরিশদের বিস্ফোরণে ওমানের সব হিসাবে উল্টে গেল।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে আইরিশরা কার্যত বিদায় নিয়েছে। তার ওপর নিয়মিত অধিনায়ক স্টার্লিং না থাকায় আরও চাপ বেড়েছে আইরিশদের। কিন্তু টাকারের অবিশ্বাস্য ইনিংস আয়ারল্য়ান্ডের মনোবল বাড়াল। গ্রুপ লিগে আইরিশদের আর একটা ম্যাচ বাকি, জিম্বাবোয়ের বিরুদ্ধে। জিম্বাবোয়ের কাছে অস্ট্রেলিয়ার হারে এই গ্রুপ থেকে সুপার এইটে ওঠার লড়াই পুরোপুরি জমে গিয়েছে।