Kalyan Chaubey: 'সবাইকেই দায় নিতে হবে,' সমালোচকদের পাল্টা এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে

Published : Nov 22, 2026, 04:46 PM IST
Kalyan Chaubey

সংক্ষিপ্ত

All India Football Federation: ২০ ডিসেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন হতে চলেছে। তার আগে সভাপতি কল্যাণ চৌবের (Kalyan Chaubey) বিরুদ্ধে সুর চড়িয়েছেন বাইচুং ভুটিয়া-সহ (Bhaichung Bhutia) ১৫ জন প্রাক্তন ফুটবলার। এআইএফএফ-এর প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেলও (Praful Patel) ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন।

Indian Football: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) নির্বাচনের আগে সমালোচনা তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে পাল্টা মুখ খুললেন সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। তিনি 'সম্মিলিত দায়'-এর ডাক দিয়েছেন। তাঁর দাবি, ভারতীয় ফুটবলের অগ্রগতির দায়ভার কেবল একজন ব্যক্তির কাঁধে চাপানো উচিত নয়। আসন্ন লএআইএফএফ নির্বাচনকে সামনে রেখে কল্যাণ ঘোষণা করেছেন, তিনি চার বছরের মেয়াদের একটি বিস্তারিত খতিয়ান তুলে ধরবেন। একইসঙ্গে অতীতে যাঁরা এআইএফএফ-এর শীর্ষপদে ছিলেন, তাঁদের নিজেদের মেয়াদের রিপোর্ট পেশ করার আহ্বান জানিয়েছেন কল্যাণ। ২০ ডিসেম্বর এআইএফএফ-এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ২০২২ সালের ২ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেবারের নির্বাচনে জয় পেয়ে চার বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছিলেন কল্যাণ। এবার তাঁর বিরুদ্ধে ঘুঁটি সাজাতে শুরু করেছেন বাইচুং ভুটিয়ারা (Bhaichung Bhutia)। এআইএফএফ-এর প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেলও (Praful Patel) আসরে নেমে পড়েছেন। ফলে নির্বাচনের আগে বিভিন্ন শিবিরে তৎপরতা বাড়ছে।

নিজের কাজের সাফাই কল্যাণের

সমালোচকদের জবাব দিয়ে নিজের 'এক্স' হ্যান্ডলে এক পোস্টে কল্যাণ লিখেছেন, 'আমরা সবাই ভারতীয় ফুটবলের উন্নতি চাই এবং ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আমাদের সকলের উদ্বেগ একই। এআইএফএফ-এর সভাপতি হিসেবে আমি বুঝি যে নেতৃত্বের দায়িত্বের সঙ্গে সমালোচনাও আসে, এবং আমি বিনয়ের সাথে তা গ্রহণ করি। তবে জবাবদিহিতা পারস্পরিক হতে হবে এবং সব পক্ষ থেকেই তা আসা উচিত। যেহেতু সামাজিক যোগাযোগমাধ্যম জনসংযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, তাই গত চার বছর ধরে এআইএফএফ-কে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং আমার কাজের রিপোর্ট আমি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। একইভাবে আমি মনে করি, যাঁরা আগে দায়িত্বশীল পদে ছিলেন, তাঁদেরও নিজ নিজ মেয়াদের রিপোর্ট প্রকাশ করা ন্যায্য ও সমীচীন। ভারতীয় ফুটবলের জন্য গঠনমূলক আলোচনা এবং সম্মিলিত জবাবদিহিতা প্রয়োজন।' ২০ ডিসেম্বরের এআইএফএফ নির্বাচনের আগে ক্রমবর্ধমান সমালোচনার মুখেই কল্যাণের এই সম্মিলিত জবাবদিহিতার মন্তব্য এবং চার বছরের রিপোর্ট কার্ড পেশ করার পরিকল্পনা সামনে এল।

ভারতীয় ফুটবল নিয়ে উদ্বেগ প্রকাশ প্রফুলের

এদিকে, কল্যাণের পূর্বসূরি এবং ২০০৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত ১২ বছরেরও বেশি সময় ধরে ফেডারেশনের প্রধানের দায়িত্বে থাকা প্রফুল ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন যে, সমর্থকদের আগ্রহ ও আবেগ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও খেলাটি বর্তমানে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতীয় ফুটবলের শীর্ষ পদে থাকাকালীন নিজের মেয়াদের কথা স্মরণ করে অপেশাদার কাঠামো থেকে পেশাদার লিগ কাঠামোতে উত্তরণের বিষয়টি তুলে ধরেন প্রফুল। তবে কাঙ্ক্ষিত উন্নতি অর্জনের জন্য এখনও অনেক কাজ বাকি আছে বলে জোর দেন। তিনি গত চার বছরে ভারতীয় ফুটবলের সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলোর কথাও উল্লেখ করেন। বিশেষ করে খেলোয়াড়, সমর্থক ও অন্যান্য অংশীদারদের উপর এর প্রভাব এবং ফুটবল অঙ্গন থেকে বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের সরে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। প্রফুল আরও উল্লেখ করেন, অংশীদারদের পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থাটিকে সমর্থন জোগানোর প্রচেষ্টা সত্ত্বেও এআইএফএফ-কে এক কঠিন সময় পার করতে হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

New Zealand vs India: ওয়েলিংটন টেস্টের শেষ দিন দরকার ৮ উইকেট, বুমরার দিকে তাকিয়ে ভারত
English Premier League: আবারও ড্র করল আর্সেনাল! ফের অপরাজিতই রইল গানার্সরা, খেলার ফলাফল ২-২