
Messi Injury: ভক্ত, সমর্থকদের উদ্বেগে রেখে বিশ্বকাপের আগে ক্লাবের শেষ ম্যাচে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কিন্তু রবিবার ইন্টার মায়ামির জার্সিতে শেষ ম্যাচ খেলতে নেমে আচমকাই মাঠ ছাড়তে হল আর্জেন্টাইন মহাতারকাকে। আর সেই ঘটনাই উদ্বেগ বাড়িয়েছে সমর্থক থেকে শুরু করে জাতীয় দলের কোচিং স্টাফ, সকলের মধ্যে। দিন দুয়েক পরেই বিশ্বকাপের জন্য স্কোয়াডের ঘোষণা করবেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নজির গড়ে মেসি তাঁর ষষ্ঠ বিশ্বকাপে খেলতে পারেন কি না সেই দিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব। প্রসঙ্গত, ২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে টানা সব কটি বিশ্বকাপে খেলেছেন মেসি। ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০১৪ বিশ্বকাপের ফাইনালিস্টও ছিলেন তিনি। তার আগে ৩৮ বছরের মেসির এই চোট কতটা গুরুতর তা জানতে এখন অপেক্ষায় উদ্বিগ্ন ভক্তরা।
মার্কিন মেজর লিগ সকারে ইন্টার মিয়ামি-র হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়ন-এর বিরুদ্ধে ম্যাচে খেলছিলেন মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আচমকাই অস্বস্তি অনুভব করেন তিনি। এরপর নিজেই বেঞ্চের দিকে ইঙ্গিত করেন এবং ৭৩ মিনিটে মাঠ ছাড়েন। মাঠ ছাড়ার সময় তাঁর হাঁটার ভঙ্গি ও শরীরী ভাষায় অস্বস্তির ছাপ স্পষ্ট ছিল। এমনটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেসির পায়ের পেশিতে টান বা হ্যামস্ট্রিং-সংক্রান্ত সমস্যা হতে পারে। যদিও এখনও পর্যন্ত ক্লাবের মেডিক্যাল টিম আনুষ্ঠানিকভাবে চোটের প্রকৃতি বা কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে, সে বিষয়ে কিছু জানায়নি।
দেখুন চোট পেয়ে মাঠ ছাড়ছেন মেসি
তবে স্বস্তির জায়গা একটাই, ইন্টার মায়ামি শিবিরের দাবি, খেলার মাঝপথে মেসির পরিবর্তনের সিদ্ধান্তটি সতর্কতামূলকও হতে পারে এবং এখনই বড় কোনও আশঙ্কার কথা বলা যাচ্ছে না। কোচিং স্টাফ পরিস্থিতির উপর নজর রাখছে। এই ম্যাচটির গুরুত্ব আরও বেশি ছিল অন্য কারণে। কারণ ক্লাব ফুটবলে বিশ্বকাপ বিরতির আগে এটিই ছিল মেসির শেষ ম্যাচ। এবার তাঁর যোগ দেওয়ার কথা আর্জেন্টিনা জাতীয় দলেরপ্রস্তুতি শিবিরে। ফলে চোটের এই খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। ৩৮ বছর বয়সেও দুরন্ত ছন্দে ছিলেন মেসি। গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগ তৈরি করছিলেন নিয়মিত। সেই কারণেই বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডন। বিশ্বচ্যাম্পিয়দের প্রথম ম্যাচ ১৭ জুন আলজেরিয়ার বিরুদ্ধে। গ্রুপ বাকি দুটি ম্যাচে আর্জেন্টিনা খেলবে ২২ জুন অস্ট্রিয়া ও ২৮ জুন জর্ডনের বিরুদ্ধে। বিশ্বকাপের আগে দুচটি প্রস্তুতি ম্যাচে খেলবে স্কালোনির দল- ৭ জুন হন্ডুরাস ও ১০ জুন আইসল্য়ান্ডের বিরুদ্ধে।