
পাকিস্তানের প্রাক্তন পেসার মোহাম্মদ আমির ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান সম্পর্কে আরেকটি সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন। যদিও তাঁর আগের ভবিষ্যদ্বাণী বিফলে গিয়েছে। যার কারণে, সোশ্যাল মিডিয়ায় আমির ব্যাপক ট্রোলের স্বীকার হন। লজ্জা না পেয়ে নতুন ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। আমির এখন টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর দাবি, বৃহস্পতিবার সেমিফাইনালে সূর্যকুমার যাদবের দল ইংল্যান্ডের কাছে হারবে। বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স সম্পর্কে মতামত জানাতে গিয়ে আমির বলেছেন যে তিনি মনে করেন যে ভারতীয় দল এককভাবে ভাল কিছু করতে পারেনি। তাই, তিনি বিশ্বাস করেন যে সেমিফাইনালে ইংল্যান্ড তাদের চেয়ে ভাল খেলবে।
ভারত ও ইংল্যান্ড মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে। হাই ভোল্টেজ ম্যাচ দেখার আশায় রইছেন ক্রিকেট ভক্তরা। আমির মনে করেন ইংল্যান্ড যদি পরে ব্যাট করে তবে তাঁদের জয়ের সম্ভাবনা বেশি থাকবে। এক্ষেত্রে ইশান কিষাণ এবং সঞ্জু স্যামসনদের মতো খেলোয়াড়দের শুধুমাত্র বিচ্ছিন্নভাবে পারফর্ম করাকে কারণ হিসেবে তুলে ধরেচেন। আমির মনে করেন না যে ভারতীয় দল এখনও ফাইনালে ওঠার জন্য প্রস্তুত। অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদবের ফর্মও অভিজ্ঞ বাঁ-হাতি পেসারের জন্য উদ্বেগের বিষয়।
তিনি বলেন, "কিন্তু যদি আপনি ভারতের কথা বলেন, তাদের মাত্র এক বা দুজন ব্যাটসম্যান পারফর্ম করছেন। সেই ব্যাটসম্যান প্রায়শই সব কিছুকে এগিয়ে নিয়ে যায়, তবে মাত্র এক বা দুজন পারফর্ম করতে সক্ষম হয়। আপনি যদি তাদের সামগ্রিক ব্যাটিং দেখেন, তাহলে দেখা যাবে যে তারা ফর্মে নেই। ইশান কিষাণ কেবল আমাদের বিরুদ্ধেই পারফর্ম করেছেন। অভিষেক শর্মা ফর্মের বাইরে। তিলক ভার্মা কোনও প্রভাব ফেলতে পারেননি। সুপার এইট-এ আসার পর থেকে সূর্যকুমার যাদব কিছুই করেননি। সঞ্জু সেটা করেছে। বুমরা সেটা করছে। আপনি নিশ্চিত হতে পারেন না যে এই দলটি আধিপত্য বিস্তার করবে। আমার মনে হয় ইংল্যান্ড ফেভারিট হবে।"
এর আগে মহাম্মদ আমির একটি টিভি অনুষ্ঠানে দাবি করেছিলেন যে পাকিস্তান সেমিফাইনালে উঠুক বা না উঠুক, ভারত সেমিফাইনালে পৌঁছবে না। তাঁর বক্তব্য সেই সময় শিরোনামে আসে। তবে, ভারতীয় দল মাঠে আমিরের দাবি ভুল প্রমাণ করে দিয়েছে। ।১ মার্চ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে অনুষ্ঠিত সুপার ৮ ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে শেষ চারে স্থান নিশ্চিত করে। ভারত চার বল বাকি থাকতেই ১৯৬ রানের লক্ষমাত্রা অর্জন করে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের পর ক্রিকেট ভক্তরা আমিরকে ট্রোল করেন।