Travis Head IPL 2027: হেড-লেস হায়দরাবাদ, আইপিএল থেকে সরলেন ট্র্যাভিস হেড, বড় ধাক্কা সানরাইজার্সের

Published : Nov 17, 2026, 02:21 PM IST
Abhishek Sharma and Travis Head

সংক্ষিপ্ত

Travis Head IPL 2027: হেড-লেস হায়দরাবাদ। আগামী বছর আইপিএলে আর দেখা যাবে না সানরাইজার্স হায়দরাবাদের সেই ভয়ঙ্কর ওপেনিং জুটি 'ট্র্যাভিশেক'-কে। অর্থাৎ, অভিষেক শর্মার সঙ্গে ইনিংস ওপেন করতে আর নামবেন না অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার ট্র্যাভিস হেড।

Travis Head IPL 2027: হেড-লেস হায়দরাবাদ। আগামী বছর আইপিএলে আর দেখা যাবে না সানরাইজার্স হায়দরাবাদের সেই ভয়ঙ্কর ওপেনিং জুটি 'ট্র্যাভিশেক'-কে। অর্থাৎ, অভিষেক শর্মার সঙ্গে ইনিংস ওপেন করতে আর নামবেন না অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার ট্র্যাভিস হেড। অস্ট্রেলিয়ার ঠাসা আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে নিজের ওপর কাজের চাপ কমাতে আগামী মরসুমে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হেড, আর সে কথা তিনি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকেও জানিয়ে দিয়েছেন। খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার দিনেই হায়দরাবাদ নিশ্চিত করেছে যে তারা হেডকে ছেড়ে দিচ্ছে।

কী কারণে সরে দাঁড়ালেন হেড

২০২৭ সালে অস্ট্রেলিয়ার সামনে রয়েছে প্রায় ২০টি টেস্ট ম্যাচ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, অ্যাসেজ সিরিজ এবং আইপিএলের ঠিক পরেই ওয়ানডে বিশ্বকাপ। দেশের হয়ে এই গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে ফিট থাকতেই হেডের এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, যার ইঙ্গিত অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আগেই দিয়ে রেখেছিলেন।

হেডের পরিবর্তে কাকে নিতে পারে হায়দরাবাদ

হেডের এই প্রস্থান হায়দরাবাদের ব্যাটিং লাইন-আপের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা, তবে এর ফলে আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় হতে চলা নিলামের আগে দলের পার্স বেশ অনেকটাই ভারী হবে। ২০২৫ মেগা নিলামের আগে ১৪ কোটি টাকায় হেডকে ধরে রেখেছিল হায়দরাবাদ। আইপিএল কর্তৃপক্ষ তাঁর রিলিজে সিলমোহর দিলেই পুরো ১৪ কোটি টাকা সরাসরি হায়দরাবাদের নিলামের বাজেটে যোগ হয়ে যাবে। নিয়ম অনুযায়ী চারজন ক্যাপড প্লেয়ার ধরে রাখতে ৬১ কোটি টাকা লাগে, আর হায়দরাবাদের বাকি চার তারকা, হেনরিখ ক্লাসেন (২৩ কোটি), প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি) এবং নীতীশ কুমার রেড্ডির (৬ কোটি) মোট বেতন ঠিক ৬১ কোটি টাকাই। ফলে কোনো বাড়তি কাটছাঁট ছাড়াই পুরো ১৪ কোটি টাকা নিলামে খরচ করতে পারবে কমলা বাহিনী।

আইপিএলের নিলামের আগে জোর চর্চা

পাশাপাশি, নতুন মরসুমের জন্য ঘর গোছাতে ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালস থেকে টি নটরাজন এবং চেন্নাই সুপার কিংস থেকে খলিল আহমেদ ও নাথান এলিসকে ট্রেড করে দলে নিয়েছে তারা। বদলে জিশান আনসারি, লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডসকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং হর্ষল প্যাটেলকেও ৪ কোটি টাকায় গুজরাত টাইটান্সে পাঠানোর তোড়জোড় চলছে।

কীভাবে হেড-প্রাপ্তি হয়েছিল হায়দরাবাদের

২০২৩ নিলামে অবিক্রীত থাকার পর ২০২৪ সালে ৬.৮০ কোটি টাকায় হেডকে দলে নিয়েছিল হায়দরাবাদ, যা দলের ভাগ্য বদলে দিয়েছিল। হায়দরাবাদের জার্সিতে ৪৩ ম্যাচে ১৭৬.১৪ স্ট্রাইক রেটে ১,৩৫১ রান করার পাশাপাশি অভিষেক শর্মার সঙ্গে তাঁর জুটি আইপিএলের ইতিহাসে বিপ্লব এনেছিল। শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারের পর হায়দরাবাদের দ্বিতীয় সফলতম এই ওপেনিং জুটি ৪২ ইনিংসে ওভার প্রতি ১২.২৭ রান রেটে ১,৮৯২ রান তুলেছে, যা ন্যূনতম হাজার রানের পার্টনারশিপের নিরিখে আইপিএলের ইতিহাসে সবচেয়ে আক্রমণাত্মক জুটি। ছয়টি শতরান ও নয়টি অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে দলকে ফাইনালেও তুলেছিলেন তাঁরা। এবার সেই বিধ্বংসী জুটি ভেঙে যাওয়ায় নিলামে হেডের যোগ্য বিকল্প খুঁজে বের করাই হায়দরাবাদ ম্যানেজমেন্টের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs New Zealand: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে ভারত?
MS Dhoni: আগামী আইপিএল-এও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন ধোনি? অব্যাহত জল্পনা