WTC Points Table: কোন অঙ্কে বিশ্ব টেস্টের ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া, সবচেয়ে সহজ রাস্তা যাদের

Published : Nov 23, 2026, 03:46 PM IST
Team India

সংক্ষিপ্ত

WTC Points Table: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ওঠার লড়াই ক্রমশ জমে উঠছে। ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ার পর ফাইনালে ওঠা বেশ কঠিন হয়ে পড়েছে শুভমন গিলদের কাছে। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানেই রয়েছে ভারত।

WTC Points Table: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ওঠার লড়াই ক্রমশ জমে উঠছে। ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ার পর ফাইনালে ওঠা বেশ কঠিন হয়ে পড়েছে শুভমন গিলদের কাছে। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানেই রয়েছে ভারত। গিল অবশ্য বলছেন, বাকি ৬টি টেস্টের মধ্যে ৫টি-তে জিতে আমরা ফাইনালে যাবো। বাংলাদেশকে হারিয়ে শীর্ষস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। শুধু তাই নয়, সামনের ম্যাচগুলিতে কয়েকটি জয় পেলেই আগামী বছর জুনে ওভালে ফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলতে পারে প্রোটিয়ারা।

ফাইনালের লড়াইয়ে চার দেশ

পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া এবং তিন নম্বরে নিউ জিল্যান্ড থাকলেও তাদের সামনে রয়েছে বেশ কিছু কঠিন পরীক্ষা। সব মিলিয়ে ফাইনালের দৌড়ে ভারতের অঙ্কও বেশ জটিল হয়ে উঠেছে। তবে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও ভারত- এই চারটি দেশের মধ্যে ফাইনালে ওঠার লড়াই সীমাবদ্ধ থাকছে। অনেক আগেই লড়াই থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশেরও আর ফাইনালের কোনও সম্ভাবনা নেই।

এক নজরে পয়েন্ট তালিকা

এক নজরে কোন দেশের ফাইনালের সম্ভাবনা কতটা--

শীর্ষে দক্ষিণ আফ্রিকা, ফাইনালের রাস্তা সবচেয়ে সহজ বাভুমাদের

এখনও পর্যন্ত আটটি টেস্ট খেলে ছ'টিতে জয় এবং দু'টিতে হার দক্ষিণ আফ্রিকার। কোনও ম্যাচ ড্র হয়নি। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৭৫ শতাংশ। বাংলাদেশের বিরুদ্ধে জোহানেসবার্গে জয়ের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে প্রোটিয়ারা। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরিয়নে জিততে পারলে ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে তারা। দক্ষিণ আফ্রিকার বাকি ৫ টি টেস্টের মধ্যে ১টি বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে, তিনটি ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এবং একটি শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের মাটিতে। এই ছ'টি ম্যাচের মধ্যে আরও তিনটিতে জিতলেই ফাইনালের জায়গা কার্যত নিশ্চিত করার সুযোগ থাকবে তাদের সামনে। অর্থাৎ, বাকি পাঁচটি টেস্টে তিনটি জয় পেলেও প্রোটিয়াদের অবস্থান যথেষ্ট শক্তিশালী থাকবে। চারটি ম্যাচ জিততে পারলে পয়েন্ট পার্সেন্টেজ দাঁড়াবে ৭১.৪৩ শতাংশে। অন্য দলগুলির পক্ষে সেই অঙ্ক টপকানো অত্যন্ত কঠিন।

দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, ভারতের মাটিতে বড় পরীক্ষা কামিন্সদের

১৩টি টেস্ট খেলে ন'টিতে জয় এবং চারটিতে হেরেছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৬৯.২৩ শতাংশ। বর্তমানে প্যাট কামিন্সরা দ্বিতীয় স্থানে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক নয়। শেষ পাঁচটি টেস্টের মধ্যে তিনটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। তার মধ্যে আবার ২০১৮ বল বিকৃতির কাণ্ডের বিতর্কের ঢেউ ফের আছড়ে পড়ায় অজি ক্রিকেটে এখন অন্ধকার। তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে কামিন্সদের সামনে। বাকি ন'টি টেস্টের চারটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের মাঠে এবং পাঁচটি ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রেকর্ড যথেষ্ট ভাল। কিন্তু ভারতের মাটিতে খেলতে নামা যে একেবারেই সহজ হবে না, তা বলাই বাহুল্য। পরিসংখ্যান বলছে, ভারতের মাটিতে শেষ ১৮টি টেস্টের মধ্যে ১২টিতেই হেরেছে অস্ট্রেলিয়া। জয় পেয়েছে মাত্র দু'টিতে। বাকি ৯টি টেস্টের মধ্যে পাঁচটিতে জিততে পারলে অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজ দাঁড়াবে ৬৩.৬৪ শতাংশে। ছ'টি জয় পেলে তা বেড়ে হবে ৬৮.১৮ শতাংশ। ফলে ফাইনালের দৌড়ে থাকতে হলে নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কামিন্সদের কাছে।

তিনে নিউজিল্যান্ড, ঘরের বাইরের ম্যাচেই আসল চ্যালেঞ্জ টম লাথামদের

ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় স্থান থেকে তিন নম্বরে নেমে গিয়েছে নিউজিল্যান্ড। সাতটি টেস্ট খেলে চারটিতে জয়, একটিতে হার এবং দু'টি ড্র করেছে কিউয়িরা। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৬৬.৬৭ শতাংশ। বাকি ৯টি টেস্টে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এর মধ্যে মাত্র তিনটি ম্যাচ নিজেদের মাঠে। ফলে ফাইনালে ওঠার দৌড়ে থাকতে হলে বিদেশের মাটিতে ভাল ফল করতেই হবে তাদের। বাকি ন'টি টেস্টে অন্তত পাঁচটি জয় পেলে ৬০ শতাংশের উপরে পয়েন্ট পার্সেন্টেজ ধরে রাখতে পারবে নিউজিল্যান্ড। আর ছ'টিতে জিততে পারলে তাদের পয়েন্ট পার্সেন্টেজ দাঁড়াবে ৬৬.৬৭ শতাংশে।

সবচেয়ে কঠিন অঙ্ক টিম ইন্ডিয়ার!

১২টি টেস্ট খেলে পাঁচটিতে জয়, চারটিতে হার এবং তিনটি ড্র করেছে ভারত। শুভমন গিলদের পয়েন্ট পার্সেন্টেজ এখন ৫০ শতাংশ। ওয়েলিংটনে জয় হাতছাড়া হওয়ার পর পরিস্থিতি আরও কঠিন হয়েছে। ভারতের হাতে বাকি মাত্র ছ'টি টেস্ট, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে একটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচটি। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ছ'টি ম্যাচের প্রায় সব ক'টিতেই জিততে হবে ভারতকে। বাকি ছ'টি টেস্টে সব ক'টিতে জিতলে সর্বোচ্চ ৬৬.৬৭ শতাংশে পৌঁছতে পারবে তারা। পাঁচটিতে জয় এবং একটি ড্র হলে পয়েন্ট পার্সেন্টেজ হবে ৬২.৯৬ শতাংশ। আর পাঁচটি জয়ের পাশাপাশি একটি হার হলে তা নেমে দাঁড়াবে ৬১.১১ শতাংশে।

অর্থাৎ, টিম ইন্ডিয়ার সামনে এখন আর ভুল করার বিশেষ জায়গা নেই। আগামী শুক্রবার থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্ট এবং তার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ, দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ গিলদের কাছে। শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ফলাফলের দিকেও। সব মিলিয়ে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে সবচেয়ে সুবিধাজনক জায়গায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও লড়াইয়ে রয়েছে। কিন্তু ওয়েলিংটনের ড্রয়ের পর ভারতের সামনে সমীকরণ বেশ কঠিন। ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে শুভমন গিলদের এখন জয়ের ধারায় ফিরতেই হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল- ১০ জুন, ২০২৭ থেকে ওভালে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Manchester United vs Liverpool: লজ্জার হার ইউনাইটেডের! চার গোলে দাপুটে জয় লিভারপুলের, পোচেত্তিনোর অভিষেকেই বড় ধাক্কা
Mohun Bagan vs Churchill Brothers: এবার চার্চিল বধ মোহনবাগানের, অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে দুরন্ত জয় সবুজ মেরুনের