
China River Cleaning Robot: প্রযুক্তির সাহায্যে পরিবেশ দূষণের মোকাবিলায় নতুন পদক্ষেপ নিল চিন। নদী ও হ্রদের জল পরিষ্কারের জন্য স্বয়ংক্রিয় বা অটোনোমাস রোবট তৈরি করেছে দেশটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই প্রযুক্তির একটি ভিডিও শেয়ার করে বিষয়টি সামনে আনেন বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটার। তাঁর পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই জলের উপর ভেসে কাজ করছে বিশেষ ধরনের রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং উন্নত সেন্সর প্রযুক্তির সাহায্যে এগুলি নিজেরাই পথ চিনে এগোয় এবং নদী বা হ্রদের উপর ভাসতে থাকা আবর্জনা ও দূষণকারী উপাদান শনাক্ত করে সংগ্রহ করছে।
চিনের দাবি, জলদূষণ নিয়ন্ত্রণে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দীর্ঘ সময় ধরে একটানা কাজ করার মতো করে তৈরি করা হয়েছে এই রোবটগুলি। কোথাও কোথাও সৌরশক্তির সাহায্যেও এগুলি চালানো সম্ভব বলে দাবি করা হয়েছে। ফলে নদী পরিষ্কারের ক্ষেত্রে মানুষের শ্রমের ওপর নির্ভরতা কিছুটা কমতে পারে বলেও মনে করা হচ্ছে। এই প্রযুক্তিকে প্রশংসা করে মারিও নওফাল তাঁর পোস্টে একে 'চমৎকার উদ্ভাবন' বলে উল্লেখ করেন। তবে একই সঙ্গে খানিক কটাক্ষও করেন। তাঁর মন্তব্য,'পরিষ্কার করার পাশাপাশি দূষণও যদি কমানো যায়!' সেই মন্তব্য ঘিরেও শুরু হয়েছে আলোচনা।
অনেকেই মনে করছেন, পরিবেশ রক্ষায় এআই ও রোবোটিক্সের ব্যবহার ভবিষ্যতের গুরুত্বপূর্ণ দিক হতে পারে। যদিও এই প্রযুক্তিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একাংশের মতে, দূষণ পরিষ্কার করার প্রযুক্তি যতই উন্নত হোক, দূষণ তৈরি হওয়া বন্ধ করাই আসল সমাধান। আবার চিন দীর্ঘদিন ধরেই দূষণ নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে থেকেছে। সেই প্রেক্ষিতে পরিবেশ ব্যবস্থাপনা ও সবুজ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর দিকেও নজর দিচ্ছে দেশটি। নদী পরিষ্কারের এই স্বয়ংক্রিয় রোবট সেই বৃহত্তর উদ্যোগেরই অংশ কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।