
iPhone 17: অ্যাপলের নতুন ফোন মানেই বাজারে শোরগোল। আর সেটাই আবার প্রমাণ হল। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) সারা বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তকমা পেল Apple-এর iPhone 17। গত বছর, এই জায়গায় ছিল iPhone 16। কাউন্টারপয়েন্ট রিসার্চের রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে মোট স্মার্টফোন বিক্রির ৬ শতাংশ একাই দখল করেছে iPhone 17।
রিপোর্টে আরও বলা হয়েছে, আমেরিকা ও চিনের মতো বড় বাজারে iPhone 17-এর বিক্রি প্রায় দ্বিগুণ বেড়েছে। সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে iPhone 17 Pro Max এবং তৃতীয় স্থানে iPhone 17 Pro।
কিন্তু প্রশ্ন হল, কেন iPhone 17 নিয়ে মানুষের এত আগ্রহ? এর একটা বড় কারণ হল ডিসপ্লে। আগের iPhone 16 মডেলে যেখানে ৬০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে ছিল, সেখানে iPhone 17-এ দেওয়া হয়েছে ১২০ হার্জের হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে। মজার ব্যাপার হল, প্রধান প্রতিযোগী Samsung তাদের Galaxy S20 সিরিজে এই ১২০ হার্জ ডিসপ্লে নিয়ে এসেছিল ২০২০ সালেই। অর্থাৎ, Apple এই ফিচারটি দিতে পাঁচ বছর দেরি করল। এর সাথে ProMotion প্রযুক্তিও যোগ করা হয়েছে।
এই ফোনে রয়েছে শক্তিশালী A19 চিপ, যার ফলে পারফরম্যান্স এককথায় দুর্দান্ত। একই দামের অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে দীর্ঘক্ষণ গেম খেলার জন্য iPhone 17 অনেক বেশি সুবিধাজনক।
ক্যামেরার ক্ষেত্রেও ফোনটি পিছিয়ে নেই। প্রো মডেলের মতো টেলিফোটো লেন্স না থাকলেও, এতে রয়েছে 48-মেগাপিক্সেলের প্রাইমারি এবং 48-মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ডুয়াল রিয়ার ক্যামেরা। ব্যবহারকারীদের মতে, ছবি ও ভিডিও তোলার জন্য এই ক্যামেরা অসাধারণ। বিশেষ করে ভিডিও রেকর্ডিংয়ের জন্য এটি একটি দারুণ অপশন। সেলফির জন্য রয়েছে 18-মেগাপিক্সেলের সেন্টার-স্টেজ ক্যামেরা, যা এর অন্যতম আকর্ষণ।
এছাড়াও, ভালো ব্যাটারি লাইফ এবং MagSafe চার্জিং প্রযুক্তিও গ্রাহকদের iPhone 17 কেনার জন্য উৎসাহিত করছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।