
একসময় সেরা ক্যামেরা মানেই আইফোন বুঝতেন স্মার্টফোন ব্যবহারকারীরা। বিশেষ করে, ভিডিও রেকর্ডিং, নিখুঁত স্কিন টোন, দ্রুত অটোফোকাস এবং ভিডিও স্টেবিলাইজেশনে অ্যাপলের একচেটিয়া আধিপত্য ছিল। কিন্তু ২০২৬ সালে এসে ছবিটা দ্রুত বদলে গেছে। স্যামসাং, গুগল, শাওমি, ওপ্পো এবং ভিভোর মতো শীর্ষ অ্যান্ড্রয়েড ব্র্যান্ডগুলি এখন বড় ক্যামেরা সেন্সর, অত্যাধুনিক টেলিফটো লেন্স এবং এআই প্রসেসিং নিয়ে এসেছে। ফলে, বর্তমান ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোনগুলো অনেক ক্ষেত্রেই আইফোনের চেয়েও বেশি সুবিধা দিচ্ছে।
লেটেস্ট আইফোন ১৭ প্রো মডেলে ৪৮ মেগাপিক্সেলের মেইন, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো সেন্সর রয়েছে। জনপ্রিয় গবেষণা সংস্থা DXOMARK-এর পরীক্ষায় দেখা গেছে, আইফোন ১৭ প্রো-এর ভিডিও পারফরম্যান্স দারুণ। এক্সপোজার, ডায়নামিক রেঞ্জ, কালার রিপ্রোডাকশন এবং জুমিংয়েও এটি চমৎকার ফল করেছে। আইফোনের প্রধান আকর্ষণ হল, সেরা ভিডিও স্টেবিলাইজেশন, নিখুঁত স্কিন টোন, দ্রুত অটোফোকাস এবং কম আলোতেও হাই-কোয়ালিটি ভিডিও রেকর্ডিং। তবে বর্তমান অ্যান্ড্রয়েড ফোনগুলোও এই মানের খুব কাছাকাছি পৌঁছে গেছে।
অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ক্যামেরার বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা এখন শীর্ষস্থানীয় মডেল। এটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, ৫০ মেগাপিক্সেল ও ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সাথে ৩x ও ৫x অপটিক্যাল জুম এবং ১০০x ডিজিটাল জুমের সুবিধা দিচ্ছে স্যামসাং। দূরের মানুষ, বিল্ডিং বা পশুপাখির ছবি তোলার জন্য এর টেলিফটো লেন্সগুলি দারুণ কাজ করে। DXOMARK-এর মতে, আগের মডেলগুলোর তুলনায় এতে কম আলোতে ডিটেইলিং এবং নয়েজ কন্ট্রোল অনেক উন্নত হয়েছে।
গুগল পিক্সেল স্মার্টফোনের আসল শক্তি শুধু ক্যামেরা সেন্সর নয়, বরং এর কম্পিউটেশনাল ফটোগ্রাফি। এতে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি ১০০x প্রো জুম, নাইট সাইট এবং অ্যাস্ট্রোফটোগ্রাফির মতো ফিচার রয়েছে। রিয়েল টোন, ফেস আনব্লার এবং বেস্ট টেকের মতো এআই ফিচারের সাহায্যে পিক্সেল মানুষের স্কিন টোন ও হোয়াইট ব্যালেন্স খুব স্বাভাবিক রাখে। যারা ক্যামেরার সেটিং নিয়ে না ভেবে শুধু এক ক্লিকেই সেরা ছবি পেতে চান, তাদের জন্য পিক্সেলের এই কম্পিউটেশনাল ফটোগ্রাফি সবচেয়ে বেশি কার্যকরী।
কোন ক্যামেরাটি সেরা? এই প্রশ্নের সরাসরি হ্যাঁ বা না-তে উত্তর দেওয়া সম্ভব নয়। কারণ, ব্যবহারকারী কী ধরনের ছবি তুলছেন, তার ওপরই ক্যামেরার মান নির্ভর করে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আইফোন ১৭ প্রো এখনও সেরা পছন্দ। জুম করার প্রয়োজন হলে স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা বেশি সুবিধা দেয়। রাতের বেলার ছবির জন্য আইফোন এবং গুগল পিক্সেল দারুণ কাজ করে। আর এআই এডিটিংয়ের কথা বললে, ম্যাজিক ইরেজার এবং বেস্ট টেকের মতো ফিচারের কারণে গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল অ্যান্ড্রয়েডকে অনেকটাই এগিয়ে রাখে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।