
ভারতের ৩ টি প্রধান টেলিকম সংস্থা, রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, এবং ভোডাফোন আইডিয়া তথা Vi গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬-এ শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। আর তাতেই সামনে এসেছে ইন্টারনেট ব্যবহারের চমকপ্রদ ছবি।
ডেটা ব্যবহারে শীর্ষে Jio
রিপোর্ট অনুযায়ী, ডেটা ব্যবহারে জিও (Reliance Jio) ব্যবহারকারীরা শীর্ষে রয়েছেন। এরপরে রয়েছে এয়ারটেল (Airtel) এবং তারপরে ভিআই।
সরকারি পরিসংখ্যান বলছে —
- Jio: গ্রাহক প্রতি মাসে গড়ে ৪৪.২ জিবি ডেটা ব্যবহার করেছেন, যা আগের ত্রৈমাসিকে ছিল ৪৩.৭ জিবি। অর্থাৎ প্রতিদিন প্রায় ১.৪৭ জিবি। - Airtel: ডেটা গ্রাহক প্রতি মাসে গড়ে ৩৬.৫ জিবি ব্যবহার হয়েছে, যা জুন ত্রৈমাসিকে ছিল ৩৪.৪ জিবি। প্রতিদিন প্রায় ১.২১ জিবি। - Vodafone Idea: ৪জি/৫জি গ্রাহক প্রতি মাসে ২৩ জিবি ডেটা ব্যবহার করেছেন, যা আগের ত্রৈমাসিকে ছিল ২১.৭ জিবি।
তবে সংস্থাগুলি ডেটা মাপার পদ্ধতি আলাদা। Airtel হিসাব করে ডেটা গ্রাহক প্রতি, Jio হিসাব করে মাথাপিছু, আর Vi হিসাব করে ৪জি/৫জি গ্রাহক প্রতি। তাই সরাসরি তুলনা করা কঠিন হলেও, Jio-র পরিসংখ্যানই সবচেয়ে বেশি।
মোট ডেটা ট্রাফিকও বেড়েছে। Jio-র নেটওয়ার্কে এই ত্রৈমাসিকে মোট ৭১.৩ বিলিয়ন জিবি ডেটা খরচ হয়েছে।
Vi-এর ঘুরে দাঁড়ানো
ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) জানিয়েছে যে, পূর্ববর্তী ত্রৈমাসিকে তাদের মোট গ্রাহক সংখ্যা ছিল ১৯.৩১ কোটি। যা এখন বেড়ে ১৯.৪৪ কোটি হয়েছে। অর্থাৎ ১৩ লক্ষ গ্রাহক বেড়েছে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সংস্থাটির পোস্টপেইড গ্রাহক সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা গত সোয়া দুই বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধির হার হিসাবে বিবেচিত হচ্ছে। কোম্পানি জানিয়েছে তাদের ৪জি/৫জি গ্রাহক এখন ১৩.১ কোটি।
বিশেষজ্ঞদের মতে, ৫জি সম্প্রসারণ, OTT বান্ডেল প্ল্যান এবং আনলিমিটেড অফারের কারণেই ভারতে ডেটা ব্যবহার প্রতি ত্রৈমাসিকে রেকর্ড ভাঙছে।