
OnePlus Nord: ভারতের স্মার্টফোনের বাজারে OnePlus তাদের জনপ্রিয় Nord সিরিজকে আরও বড় করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি Geekbench লিস্টিং-এ OnePlus Nord CE 6 Lite মডেলটি দেখা যাওয়ার পরেই এর গুরুত্বপূর্ণ ফিচারগুলিকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আগামী মাসেই এই ফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে।
Geekbench লিস্টিং-এ ফোনটি “CPH2943” মডেল নম্বরে দেখা গেছে। জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদবের মতে, এই ফোনটি ভারতে OnePlus Nord CE 6 Lite নামে লঞ্চ হবে। সেইসঙ্গে, OnePlus Nord CE 6 মডেলটিও বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিপোর্ট বলছে, ফোনটিতে MediaTek Dimensity ৭৪০০ প্রসেসর ব্যবহার করা হবে। এটি একটি অক্টা-কোর চিপ, যেখানে ২.৬০ গিগা হার্জ ক্লক স্পিডের চারটি কোর এবং ২.০০ গিগা হার্জ ক্লক স্পিডের চারটি কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য থাকবে Mali-G615 MC2 GPU। আশা করা হচ্ছে, ফোনটি ৮জিবি র্যাম এবং Android 16 অপারেটিং সিস্টেমের সঙ্গে বাজারে আসবে।
Geekbench টেস্টে OnePlus Nord CE 6 Lite বেশ ভালো পারফর্ম করেছে। সিঙ্গেল-কোর টেস্টে এর স্কোর ১০৬৮ এবং মাল্টি-কোর টেস্টে ২৯৫৩। মিড-রেঞ্জ সেগমেন্টে এটি বেশ ভালো পারফরম্যান্স দেবে বলে মনে করা হচ্ছে।
ফোনটির ডিসপ্লে এবং ব্যাটারি সম্পর্কেও বেশ কিছু তথ্য সামনে এসেছে। এটিতে একটি ৬.৭ ইঞ্চির একটি এলসিডি স্ক্রিন থাকতে পারে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে, এটির 7,000mAh ক্ষমতার বিশাল ব্যাটারি। ক্যামেরার ক্ষেত্রে, পিছনে ৫০এমপি-র ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সামনে ১৬এমপি সেলফি ক্যামেরা থাকার কথা শোনা যাচ্ছে।
দাম নিয়েও আকর্ষণীয় তথ্য উঠে আসছে। ভারতে OnePlus Nord CE 6 Lite-এর দাম প্রায় ২৩,০০০ টাকার কাছাকাছি থেকে শুরু হতে পারে। বিভিন্ন অফার মিলিয়ে এই দাম ২০,০০০ টাকার নিচেও নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রায় দুই বছরের বিরতির পর, Nord CE Lite সিরিজের প্রত্যাবর্তন বাজারে বড়সড় সাড়া ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।