
Poco M8 Power: শাওমির সাব-ব্র্যান্ড পোকো (Poco) ভারতে তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন Poco M8 Power লঞ্চ করতে চলেছে। ৪ আগস্ট ফোনটি বাজারে আসবে। লঞ্চের আগেই কোম্পানি ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। আগেই জানা গেছিল যে, এটিতে ৮০০০mAh ব্যাটারি এবং Snapdragon 4 সিরিজের প্রসেসর থাকবে। এবার ক্যামেরা, সফটওয়্যার এবং ওয়াটার-রেজিস্ট্যান্স রেটিংয়ের মতো ফিচারগুলোও সামনে আনা হয়েছে।
কোম্পানির অফিসিয়াল মাইক্রোসাইট অনুযায়ী, Poco M8 Power ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে - ব্ল্যাক, ব্লেজ অরেঞ্জ এবং গ্রিন। এছাড়া, ধুলো ও জলের ছিটে থেকে ফোনকে বাঁচাতে এতে IP65 রেটিং দেওয়া হয়েছে।
এই ফোনটি Android 16-এর উপর ভিত্তি করে তৈরি কতা হয়েছে এবং HyperOS 3-তে চলবে। সংস্থাটি জানিয়েছে, ফোনটিতে চার বছরের প্রধান OS আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। পাশাপাশি এই ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে Corning Gorilla Glass 7i। ফোনটির ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ এবং মেটাল ফ্রেম দেওয়া হয়েছে, যা একে একটি প্রিমিয়াম লুক দেয়।
ফটোগ্রাফির জন্য, Poco M8 Power-এ একটি ৫০ মেগাপিক্সেলের AI প্রাইমারি ক্যামেরা থাকছে, যাতে Light Fusion 400 সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়াও অটো নাইট মোড, AI ইরেজার, AI স্কাই, AI বোকে পোর্ট্রেট এবং AI HDR অপটিমাইজেশনের মতো একাধিক AI-ভিত্তিক ক্যামেরা ফিচারও পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে, ফোনটি মাত্র ৮.৪৫ মিমি পাতলা।
এই ফোনের শক্তি জোগাবে মূলত, Qualcomm-এর ৪ ন্যানোমিটার Snapdragon 4 Gen 4 অক্টা-কোর প্রসেসর। কোম্পানির দাবি, AnTuTu বেঞ্চমার্ক টেস্টে এই চিপসেট ৬.৩০ লক্ষের বেশি স্কোর করেছে। এতে ৮ জিবি র্যাম এবং ৮০০০mAh ব্যাটারি রয়েছে। ফোন ঠান্ডা রাখার জন্য ১০,৪১৬ বর্গ মিলিমিটার গ্রাফাইট হিট ডিসিপেশন এরিয়া সহ একটি ভেপার চেম্বার কুলিং সিস্টেমও দেওয়া হয়েছে।
Poco M8 Power ভারতে ৪ আগস্ট দুপুর ১২টায় লঞ্চ হবে। এরপর এটি Flipkart থেকে কেনা যাবে। বিশাল ব্যাটারি, দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট এবং AI ক্যামেরা ফিচারের মাধ্যমে মিড-রেঞ্জ বাজারে নিজেদের জায়গা আরও পাকা করতে চাইছে Poco।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।