
Technology News: আপনার আধার কার্ড দিয়ে আপনার অজান্তেই কেউ সিম তুলে নিলে তার দায় আপনার ঘাড়ে পড়তে পারে। সেই সিম দিয়ে কোনও অপরাধ, আর্থিক জালিয়াতি বা ভুয়ো কল হলে পুলিশ প্রথমে আপনাকেই খুঁজবে। কেন্দ্রীয় টেলিকম বিভাগ (DoT) বলছে, একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ৯টি সিম থাকতে পারে। জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য এই সংখ্যা ৬। সম্প্রতি আধার তথ্য ফাঁস করে সিম তুলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার ঘটনা বাড়ছে। তাই নিজের নামে কটি সিম অ্যাকটিভ আছে, তা জানা খুব জরুরি।
এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। কেন্দ্রের Sanchar Saathi পোর্টালের TAFCOP (Telecom Analytics for Fraud Management and Consumer Protection) সাইটে গিয়ে ২ মিনিটে চেক করতে পারবেন।
১. অফিসিয়াল ওয়েবসাইটে যান:
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে যান - tafcop.sancharsaathi.gov.in বা sancharsaathi.gov.in ওয়েবসাইটে। এটি সম্পূর্ণ সরকারি ও নিরাপদ পোর্টাল।
২. মোবাইল নম্বর দিয়ে লগইন করুন:
ওয়েবসাইটে ঢুকে ‘Citizen Centric Services’ এর মধ্যে ‘Know Your Mobile Connections’ অপশনে ক্লিক করুন। আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি দিন। ক্যাপচা দিয়ে Validate করুন। আপনার ফোনে একটি OTP আসবে, সেটি দিয়ে লগইন করুন।
৩. লিস্ট দেখুন এবং অচেনা নম্বর রিপোর্ট করুন:
লগইন করলেই আপনার আধার দিয়ে তোলা সমস্ত সক্রিয় মোবাইল নম্বরের লিস্ট চলে আসবে। লিস্ট ভালো করে দেখুন। যদি কোনও নম্বর অচেনা মনে হয়, যা আপনি ব্যবহার করেন না, তাহলে সেটির পাশে থাকা চেকবক্সে টিক দিন।
৪. রিপোর্ট করার নিয়ম:
নম্বর সিলেক্ট করে নিচে তিনটি অপশন পাবেন - ‘This is not my number’, ‘Not required’ এবং ‘Required’। অচেনা নম্বরের জন্য ‘This is not my number’ সিলেক্ট করে Report বাটনে ক্লিক করুন।
রিপোর্ট করার পর টেলিকম কোম্পানি সেটি ভেরিফাই করবে। যদি সত্যিই জালিয়াতি হয়, তাহলে সেই নম্বর ৩০-৪৫ দিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। আপনি একটি Request ID পাবেন, তা দিয়ে স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।
মনে রাখবেন:
দোকানে সিম তুলতে গিয়ে কখনোই আধারের ফটোকপি ফেলে আসবেন না। e-KYC করার পর নিশ্চিত করুন দোকানদার আপনার ফিঙ্গারপ্রিন্ট ডেটা ডিলিট করেছে। বছরে অন্তত একবার এইভাবে TAFCOP পোর্টালে চেক করা উচিত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।