
Tempered Glass: আমরা নতুন ফোন কিনেই প্রথমে দোকান থেকে ৫০-১০০ টাকার একটা টেম্পার্ড গ্লাস লাগিয়ে নিই। ভাবি স্ক্রিন সুরক্ষিত থাকল। কিন্তু আসলে ওই সস্তার গ্লাসই আপনার ফোনের সর্বনাশ করছে। বেশিরভাগ সস্তা প্রোটেক্টরে না থাকে ঠিকমতো টাচ রেসপন্স, না থাকে চোখের সুরক্ষা, পড়লে ভেঙেও যায় না, উল্টে আসল স্ক্রিন ভেঙে যায়। এই জালিয়াতি বন্ধ করতেই এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর তরফে নতুন কোয়ালিটি কন্ট্রোল অর্ডার (QCO) জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী, ২০২৭ সালের ১ এপ্রিল থেকে ভারতে স্মার্টফোনের স্ক্রিন প্রোটেক্টর বা টেম্পার্ড গ্লাস বিক্রি করতে হলে BIS-এর বাধ্যতামূলক শংসাপত্র নিতে হবে।
*১. ‘যেমন খুশি’ গ্লাস আর বিক্রি হবে না:* এখন যে কেউ চীন থেকে সস্তা গ্লাস এনে বিক্রি করে দেয়। নতুন নিয়মে প্রতিটি প্রোটেক্টরকে BIS ল্যাবে পরীক্ষা দিতে হবে। স্ক্র্যাচ রেজিস্ট্যান্স, ট্রান্সপারেন্সি, আঘাত সহ্য করার ক্ষমতা, আঠার গুণমান - সব পরীক্ষায় পাশ করলেই মিলবে ISI মার্ক।
*২. দাম বাড়বে, কিন্তু সুরক্ষা বাড়বে:* BIS সার্টিফায়েড গ্লাসের দাম ২০ টাকার বদলে ২৫০-৩০০ টাকা থেকে শুরু হতে পারে। কিন্তু এতে লাভ আপনারই। আসল টেম্পার্ড গ্লাস 9H হার্ডনেসের হবে, সহজে দাগ পড়বে না, চোখের জন্য ব্লু-লাইট ফিল্টার থাকবে, আর পড়ে গেলে নিজে ভেঙে আসল স্ক্রিনকে বাঁচাবে।
*৩. অনলাইন-অফলাইন দুই জায়গাতেই কড়াকড়ি:* Amazon, Flipkart থেকে শুরু করে পাড়ার মোবাইল দোকান - BIS ছাড়া প্রোটেক্টর বিক্রি করলে মোটা জরিমানা ও জেল পর্যন্ত হতে পারে। আমদানি করা প্রোটেক্টরের ক্ষেত্রেও একই নিয়ম।
*আপনি কী করবেন?*
এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, নিয়ম চালু হতে এখনও ৬ মাস সময় আছে। কিন্তু এর পর থেকে যখনই টেম্পার্ড গ্লাস কিনবেন, প্যাকেটের পিছনে BIS-এর ISI লোগো এবং লাইসেন্স নম্বর আছে কিনা দেখে নিন। সস্তার লোভে ফোনের ৫০ হাজার টাকার ডিসপ্লে নষ্ট করবেন না।
সরকারের এই পদক্ষেপে নিম্নমানের প্রোডাক্ট বাজার থেকে উঠে যাবে এবং ভারতীয় গ্রাহকরা আসল সুরক্ষা পাবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।