
মোবাইল রিচার্জের নিয়মে বড় পরিবর্তন আনল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI। নতুন নিয়মে Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea (Vi)-কে ভয়েস কল ও SMS-কেন্দ্রিক আরও বেশি রিচার্জ প্ল্যান চালু করতে হবে। অর্থাৎ, যাদের মোবাইল ডেটার প্রয়োজন নেই, তাঁদের আর বাধ্যতামূলকভাবে ডেটা-সহ রিচার্জ করতে হবে না। TRAI-এর নতুন নিয়মের লক্ষ্য মূলত কম ডেটা ব্যবহারকারী, প্রবীণ নাগরিক এবং যাঁরা মোবাইল ইন্টারনেটের জন্য Wi-Fi-এর উপর নির্ভর করেন, তাঁদের জন্য তুলনামূলক সস্তা রিচার্জের সুযোগ তৈরি করা।
নতুন নিয়ম অনুযায়ী, কোনও টেলিকম সংস্থা যদি ৩০ দিন বা তার কম মেয়াদের ভয়েস, SMS এবং ডেটা-সহ Special Tariff Voucher (STV) দেয়, তাহলে একই মেয়াদের শুধুমাত্র ভয়েস কল ও SMS-এর জন্য আলাদা STV-ও রাখতে হবে। এই ভয়েস-SMS প্ল্যানের দাম সংশ্লিষ্ট ডেটা-সহ প্ল্যানের তুলনায় যথাযথভাবে কম রাখতে হবে। ফলে যারা মোবাইল ডেটা ব্যবহার করেন না, তাঁরা শুধুমাত্র কল এবং SMS-এর জন্য কম খরচে রিচার্জ করতে পারবেন।
নতুন নিয়মে টেলিকম সংস্থাগুলিকে অন্তত একটি এমন ভয়েস ও SMS-only প্ল্যান রাখতে হবে, যা প্রতি মাসে একই তারিখে পুনর্নবীকরণ করা যায়। কোনও মাসে সেই তারিখ না থাকলে মাসের শেষ দিন পর্যন্ত প্ল্যানটি নবীকরণ করার সুযোগ থাকতে হবে। এর পাশাপাশি, দীর্ঘমেয়াদি ডেটা-সহ প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে দীর্ঘ মেয়াদের অন্তত একটি ভয়েস ও SMS-only রিচার্জ ভাউচারও রাখতে হবে।
বর্তমানে বহু প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। ফলে এক বছরে ১২ বার নয়, প্রায় ১৩ বার রিচার্জ করতে হতে পারে। ধরা যাক, ২৯৯ টাকার কোনও প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এক বছরে ১৩ বার রিচার্জ করলে খরচ হবে ৩,৮৮৭ টাকা। একই দাম রেখে প্ল্যানটির মেয়াদ ৩০ দিন হলে ১২ বার রিচার্জে খরচ হবে ৩,৫৮৮ টাকা। তবে এটি শুধুমাত্র উদাহরণ। গুরুত্বপূর্ণ বিষয় হল, নতুন TRAI নিয়মে সমস্ত ২৮ দিনের প্ল্যানকে ৩০ দিনের প্ল্যানে বদলে দেওয়ার কথা বলা হয়নি। মূল লক্ষ্য হল ভয়েস ও SMS-only প্ল্যানের সংখ্যা বাড়ানো এবং মাসিক রিনিউ করার অন্তত একটি বিকল্প দেওয়া।
নতুন নিয়ম কার্যকর হলে Jio, Airtel এবং Vi গ্রাহকদের সামনে আরও বেশি রিচার্জ বিকল্প থাকবে। বিশেষ করে যাঁরা ফোনে মূলত কল ও SMS ব্যবহার করেন এবং মোবাইল ডেটার প্রয়োজন নেই, তাঁরা ডেটার জন্য অতিরিক্ত টাকা না দিয়ে ভয়েস ও SMS-only প্ল্যান বেছে নিতে পারবেন। তবে ঠিক কত টাকা সাশ্রয় হবে, তা নির্ভর করবে প্রতিটি সংস্থা নতুন প্ল্যানগুলির দাম কত রাখছে তার উপর।
TRAI জানিয়েছে, আগে টেলিকম সংস্থাগুলির ভয়েস ও SMS-only Special Tariff Voucher-এর সংখ্যা সীমিত ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের প্ল্যানের মেয়াদ ছিল তুলনামূলক দীর্ঘ। ফলে কম আয়ের গ্রাহকদের জন্য স্বল্পমেয়াদি সস্তা বিকল্প কম ছিল। এই বিষয়টি বিবেচনা করে TRAI ২০২৬ সালের ৭ এপ্রিল সংশোধিত নিয়মের খসড়া প্রকাশ করে মতামত চেয়েছিল। এরপর ১,১৩২টি মতামত পাওয়া যায় এবং ১৫ জুন Open House Discussion করা হয়। সংশ্লিষ্ট মতামত ও বিশ্লেষণ পর্যালোচনার পর নতুন নিয়ম চূড়ান্ত করা হয়েছে। ফলে এবার থেকে মোবাইল রিচার্জে ভয়েস ও SMS-কে আলাদা করে বেছে নেওয়ার সুযোগ আরও বাড়তে চলেছে।