
YouTube Monetization Rules 2027: ইউটিউব থেকে আয় করেন? কিংবা নতুন করে ইউটিউব চ্যানেল খুলে কনটেন্ট তৈরি করে রোজগারের পরিকল্পনা করছেন? তা হলে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। ইউটিউবের পার্টনার প্রোগ্রাম বা YouTube Partner Programme (YPP)-এ বড়সড় পরিবর্তন আনতে চলেছে সংস্থা। নতুন ক্রিয়েটরদের জন্য বিজ্ঞাপন থেকে আয় শুরু করার পথ আরও কঠিন হতে চলেছে। আগামী পয়লা ফেব্রুয়ারি ২০২৭ থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এখনও পর্যন্ত ইউটিউবে বিজ্ঞাপন থেকে আয় করার জন্য কোনও চ্যানেলের প্রয়োজন হয় অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার। এর পাশাপাশি দুটি পথের মধ্যে যে কোনও একটি পূরণ করতে হয়।
প্রথমটি হল গত ১২ মাসে ৪,০০০ ঘণ্টা বৈধ পাবলিক ওয়াচ টাইম। দ্বিতীয়টি হল গত ৯০ দিনে ১ কোটি অর্থাৎ ১০ মিলিয়ন বৈধ পাবলিক শর্টস ভিউ। ইউটিউবের বর্তমান অফিসিয়াল তথ্যেও এই শর্তগুলিই দেওয়া রয়েছে। কিন্তু আগামী বছর থেকে বদলে যাচ্ছে সেই হিসাব। নতুন ক্রিয়েটরদের ক্ষেত্রে লং-ফর্ম বা বড় ভিডিওর জন্য প্রয়োজনীয় ওয়াচ টাইম ৪ হাজার ঘণ্টা থেকে বেড়ে ৮ হাজার ঘণ্টা হচ্ছে। অর্থাৎ এক ধাক্কায় দ্বিগুণ হয়ে যাচ্ছে ওয়াচ টাইমের লক্ষ্যমাত্রা। শুধু তাই নয়, Shorts-এর ক্ষেত্রেও বাড়ছে চাপ। এতদিন ৯০ দিনের মধ্যে ১ কোটি বা ১০ মিলিয়ন ভিউ পেলেই নির্দিষ্ট যোগ্যতার পথে এগোনো যেত। নতুন নিয়মে সেই লক্ষ্যমাত্রা বেড়ে ২ কোটি বা ২০ মিলিয়ন ভিউ হচ্ছে। অর্থাৎ শর্টস ভিডিও করা ক্রিয়েটারদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ভিউয়ের সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে। তবে ১ হাজার সাবস্ক্রাইবারের ন্যূনতম শর্তে পরিবর্তন করা হচ্ছে না।
এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে নতুন কনটেন্ট ক্রিয়েটরদের উপর। বর্তমানে অনেক ছোট চ্যানেল নিয়মিত ভিডিও তৈরি করে ধীরে ধীরে ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম বা ১ কোটি শর্টস ভিউয়ের লক্ষ্যমাত্রা পূরণ করার চেষ্টা করেন। নতুন নিয়ম কার্যকর হলে সেই লক্ষ্যে পৌঁছতে আরও বেশি সময় এবং দর্শকের এনগেজমেন্ট প্রয়োজন হবে। বিশেষ করে যাঁরা শুধুমাত্র Shorts-এর উপর নির্ভর করে চ্যানেল বড় করার চেষ্টা করছেন, তাঁদের সামনে চ্যালেঞ্জ আরও বাড়বে। কারণ একবার কোনও ভিডিও ভাইরাল হয়ে গেলেই হবে না, নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিপুল সংখ্যক যোগ্য ভিউ অর্জন করতে হবে।
নয়া নীতি
ইউটিউবের নতুন নীতিতে মূল লক্ষ্য হিসেবে ধারাবাহিক দর্শক-সংযোগ এবং নিয়মিত কনটেন্টের উপর গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে। প্ল্যাটফর্মে বিপুল পরিমাণ কনটেন্ট তৈরি হওয়ার পাশাপাশি নিম্নমানের বা বারবার তৈরি করা কনটেন্টের পরিমাণ নিয়েও আলোচনা বাড়ছে। ফলে শুধুমাত্র একবার ভাইরাল হওয়ার বদলে নিয়মিত দর্শক তৈরি করতে পারা ক্রিয়েটরদের গুরুত্ব বাড়তে পারে।
নতুন নিয়ম নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে ইতিমধ্যেই YouTube Partner Programme-এ থাকা ক্রিয়েটরদের নিয়ে। প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন আবেদনকারীদের জন্য যে ৮,০০০ ঘণ্টা এবং ২ কোটি Shorts ভিউয়ের নতুন প্রবেশ-শর্ত আনা হচ্ছে, তা মূলত নতুন আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য। ইতিমধ্যেই YPP-তে থাকা ক্রিয়েটরদের ক্ষেত্রে এই নতুন প্রবেশ-সীমা প্রযোজ্য হবে না।
তবে শর্টস থেকে নিয়মিত আয় চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আলাদা কার্যকলাপ বা ভিউ সংক্রান্ত শর্ত রাখা হচ্ছে। ৯০ দিনের সময়সীমায় Shorts-এর নির্দিষ্ট ভিউয়ের মাত্রা বজায় না থাকলে Shorts Creators Pool থেকে আয় সাময়িকভাবে বন্ধ হতে পারে। তবে তার অর্থ এই নয় যে পুরো চ্যানেল YPP থেকে বেরিয়ে যাবে। লং-ফর্ম ভিডিও থেকে আয় চালু থাকতে পারে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় Shorts ভিউয়ের মাত্রা পূরণ হলে সেই আয়ের সুযোগ ফেরত আসতে পারে।
মনিটাইজেশনের পাশাপাশি ইউটিউব Premium Lite পরিষেবার সম্প্রসারণের কথাও জানিয়েছে। এই তুলনামূলক কম খরচের সাবস্ক্রিপশন পরিষেবায় দর্শকরা বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখার সুযোগ পাবেন। তবে এতে মিউজিক স্ট্রিমিংয়ের সুবিধা থাকবে না।
এই পরিষেবা থেকে পাওয়া আয়ের একটি অংশ ক্রিয়েটরদের সঙ্গে ভাগ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, লং-ফর্ম কনটেন্ট নির্মাতাদের জন্য ৫৫ শতাংশ এবং Shorts নির্মাতাদের জন্য ৪৫ শতাংশ পর্যন্ত রেভিনিউ শেয়ারের সম্ভাবনা রয়েছে। ফলে ভবিষ্যতে বিজ্ঞাপনের পাশাপাশি সাবস্ক্রিপশন থেকেও ক্রিয়েটরদের আয়ের নতুন রাস্তা খুলতে পারে। সব মিলিয়ে, ইউটিউবের এই পরিবর্তন নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে চলেছে। আগে যেখানে ৪,০০০ ঘণ্টা ওয়াচ টাইম বা ১ কোটি Shorts ভিউয়ের লক্ষ্যে পৌঁছনোই ছিল বড় পরীক্ষা, আগামী বছর থেকে সেই লক্ষ্য দ্বিগুণ হয়ে যাচ্ছে। ফলে নতুন চ্যানেলগুলিকে আরও পরিকল্পিত ভাবে কনটেন্ট তৈরি করতে হবে, দর্শকের ধরে রাখার ক্ষমতা বাড়াতে হবে এবং নিয়মিত এনগেজমেন্ট তৈরি করতে হবে।
YPP-তে ঢোকার প্রস্তুতি
তবে এই নিয়ম পয়লা ফেব্রুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। তাই যাঁরা এখন নতুন চ্যানেল শুরু করেছেন বা YPP-তে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য বর্তমান নিয়মে যোগ্যতা অর্জনের সুযোগ এখনও রয়েছে। ইউটিউবের নিয়ম অনুযায়ী, ওয়াচ টাইমের ক্ষেত্রে শুধুমাত্র যোগ্য পাবলিক লং-ফর্ম ভিডিওর ওয়াচ আওয়ার গণনা করা হয়; শর্টস ফিড-এর ওয়াচ টাইম ৪ হাজার ঘণ্টার হিসাবের মধ্যে পড়ে না।