
ATM Salon: বিহারের পটনায় তাজ্জব কাণ্ড। ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে আচমকা দেখা গেল সামনে হাজির নাপিত! চোখ কচলেও সেই এক ব্য়াপার! পটনায় এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকছেন সাধারণ মানুষ। শহরের দানাপুর এলাকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর পুরনো একটি এটিএম বুথ এখন রীতিমতো সেলুনে পরিণত হয়েছে। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই ভিতরে কী অপেক্ষা করছে। SBI-এর সাইনবোর্ড, এটিএমের আদল সবই আগের মতোই রয়েছে। আর সেই কারণেই টাকা তুলতে এসে বহু মানুষ পড়ছেন চরম ধন্দে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় ওই জায়গাতেই চলত এসবিআই-এর এটিএম পরিষেবা। পরে কোনও কারণে সেটি বন্ধ করে দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকার পর জায়গাটি ভাড়া দেওয়া হয় এক স্থানীয় ব্যবসায়ীকে। এরপরই পুরনো এটিএম কিয়স্ককে বদলে ফেলা হয় আধুনিক হেয়ার কাটিং সেলুনে। ভিতরে ঢুকলেই দেখা যাচ্ছে চেয়ার, আয়না, ট্রিমার, হেয়ার ড্রায়ার, সব মিলিয়ে জমজমাট সেলুনের পরিবেশ। তবে বাইরে এখনও রয়ে গিয়েছে পুরনো এটিএমের চেহারা।
আর তাতেই তৈরি হয়েছে বিভ্রান্তি। হাতে এটিএম কার্ড নিয়ে টাকা তুলতে এসে অনেকেই ভিতরে ঢুকে হতবাক হয়ে যাচ্ছেন। কেউ হাসিতে ফেটে পড়ছেন, কেউ আবার জরুরি প্রয়োজনে নগদ টাকা না পেয়ে বিরক্তও হচ্ছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে 'এটিএম সেলুন'-এর ছবি ও ভিডিও। নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে মজার মিমের বন্যাও। কেউ বলছেন, 'এখানে টাকা নয়, স্টাইল তোলা হয়', আবার কেউ কৌতুক করে লিখছেন, 'ক্যাশ না মিললেও কাটিং মিলবে'।
স্থানীয় বাসিন্দাদের একাংশ অবশ্য বিষয়টিকে ইতিবাচক ভাবেই দেখছেন। তাঁদের মতে, ফাঁকা পড়ে থাকা জায়গাকে এভাবে কাজে লাগানো বুদ্ধিমানের কাজ। দানাপুর এলাকার ব্যস্ত রাস্তায় হওয়ায় লোকজনের যাতায়াতও যথেষ্ট। সেই সুযোগেই সেলুনের ব্যবসাও নাকি ভালোই চলছে। তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। SBI-এর পুরনো সাইনবোর্ড ও এটিএমের বাইরের কাঠামো কেন এখনও সরানো হয়নি, তা নিয়ে কৌতূহল বাড়ছে। অনেকেই মনে করছেন, এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। পটনার এই 'এটিএম সেলুন' এখন স্থানীয়দের চর্চার কেন্দ্রবিন্দু।