
ভাইফোঁটার আনন্দের আগেই বিষাদের ছায়া দুর্গাপুরের বুদবুদে। মামার বাড়িতে বেড়াতে এসে দামোদর নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেল ১৬ বছরের এক কিশোর। বন্ধুদের সঙ্গে নদীতে নামলেও আচমকাই স্রোতের টানে তলিয়ে যায় সে। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও এখনও তার কোনও খোঁজ মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উদ্বেগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে রণডিহা ড্যাম সংলগ্ন দামোদর নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরের নাম অজয় রুইদাস। তার বাড়ি বর্ধমানে। বুদবুদের চাকতেঁতুল এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে। মঙ্গলবার কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে গিয়েই বিপত্তি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নান করার সময় হঠাৎই দু'জন কিশোর নদীর প্রবল স্রোতে পড়ে বিপাকে পড়ে। তাদের ডুবে যেতে দেখে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন স্থানীয় এক যুবক। তাঁর তৎপরতায় একজনকে কোনওরকমে জল থেকে তুলে আনা সম্ভব হলেও অজয়কে বাঁচানো যায়নি। চোখের সামনেই নদীর জলে হারিয়ে যায় সে।
এরপরই অজয়ের খোঁজে নদীর আশপাশে তল্লাশি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পাশাপাশি ডুবুরি ও উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। তাদের সহযোগিতায় নতুন করে শুরু হয় তল্লাশি অভিযান।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনও সন্ধান মেলেনি। ভাইফোঁটার আগে এমন মর্মান্তিক ঘটনায় শোক ও উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.