Annapurna Bhandar: কেন টাকা আসছে না? বহু জায়গায় অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা এখনও পর্যন্ত পাননি মহিলারা। তা নিয়েই ক্ষোভ পৌঁছে গেছে চরমে (Annapurna Bhandar West Bengal)। তাহলে কি প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার? দিকে দিকে শুরু হয়ে গেছে প্রতিবাদ। শুক্রবার, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ! সমস্ত জায়গায় বিক্ষোভ চলছে। এমনকি, সেই বিক্ষোভ এমন পর্যায়ে গিয়ে পৌঁছল যে, পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক ভবনে বৈঠক চলাকালীন উঠে আসতে বাধ্য হলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলায় রেল অবরোধ করলেন মহিলারা। সেইসঙ্গে, বিক্ষোভ দেখানো হল কলকাতাতেও। দাবি একটাই, অন্নপূর্ণা ভান্ডার টাকা আসছে না কেন (Annapurna Bhandar Update)?
জানা গেছে, পশ্চিম মেদিনীপুরে একটি প্রশাসনিক বৈঠক করতে গেছিলেন পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু সেই মিটিং চলাকালীন শুক্রবার, জেলাশাসকের দফতরের গ্রাউন্ড ফ্লোরে ঢুকে পড়েন বিক্ষুব্ধ মহিলারা। ফলে, বাধ্য হয়ে দুপুর ২.৩০ মিনিট নাগাদ সেই বৈঠক বন্ধ করে নিচে নেমে আসেন অগ্নিমিত্রা। তাঁকে দেখে সেই কোলাহল আরও বাড়ে। এরপর মন্ত্রী ক্ষুব্ধ মহিলাদের জানান, ‘‘একটু সময় দিন আমাদের। সবে তো ১০০ দিন মাত্র হয়েছে। আপনারা আস্তে আসতে কথা বলুন। তাহলেই সবারটা শুনতে পাব। ভেরিফিকেশনে কেন নাম বাদ গেছে, সেটা আমি দেখছি। জুন-জুলাই মাসে কি আপনারা টাকা পেয়েছেন?’’ তারপরেই মহিলারা বলে ওঠেন, ‘‘একমাসও টাকা পাইনি।’’ তারপরেই রাজ্যের মন্ত্রী জানান, ‘‘আপনারা এসডিও এবং বিডিও অফিস যান। সেখানেই জমা দিন সমস্ত কাগজ। আমার মিটিং চলছে। আপনারা এসেছেন বলেই আমি মিটিং ছেড়ে এখানে কথা বলতে এলাম। আপনাদের সমস্যা সমাধানের জন্যই এখানে এসেছি।’’ তবে ক্ষোভ দিকে দিকে চরমে পৌঁছেছে।
অপরদিকে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে বিক্ষোভকারী মহিলারা উত্তর ২৪ পরগনার বিরাটিতে রেল অবরোধ করেন। ফলে, এক ঘণ্টার বেশি বন্ধ থাকে লোকাল ট্রেন চলাচল। হাসনাবাদ-শিয়ালদহ ডাউন লোকাল ট্রেন বিরাটি স্টেশনে ঢোকার পর দাঁড়িয়ে যায়। এছাড়া একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ভরদুপুরে। তাহলে কি সরকারের গাফিলতির জেরেই এই চরম ভোগান্তি? প্রশ্ন উঠছে। সেই পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় রেল পুলিশকে। জানা গেছে হাবড়াতেও বিক্ষোভ দেখান মহিলারা। সেইসঙ্গে, হুগলি এবং বাঁকুড়াতেও বিক্ষোভ দেখান অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া বিক্ষুব্ধ মহিলারা।
এমনকি, উত্তর কলকাতার ফুলবাগান থানার সামনেও বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলতে থাকে। পাশাপাশি বেহালা চৌরাস্তার সামনেও প্রতিবাদ জানান মহিলারা।আলিপুরদয়ার এবং মালদাতেও বিক্ষোভ হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.