
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। লিফ্টে আটকে পড়ে মৃত্যু হল অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০) নামে এক ব্যক্তির। শুক্রবার ভোরের এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রোগীর পরিজনদের একাংশ বিক্ষোভ দেখান।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, অরূপ দমদমের বাসিন্দা। তাঁর এক পুত্র ওই হাসপাতালেই চিকিৎসাধীন। শুক্রবার ভোর প্রায় ৫টা নাগাদ স্ত্রী ও চার বছরের কনিষ্ঠ পুত্রকে নিয়ে ট্রমা কেয়ার সেন্টারের পাঁচ তলায় যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁরা লিফ্টে ওঠেন। অভিযোগ, আচমকাই লিফ্টটি আটকে যায় এবং তীব্র ঝাঁকুনির পর উপরে ওঠার বদলে সোজা নীচের বেসমেন্টে নেমে যায়।
কিছু সময় পরে লিফ্ট খুলে তাঁদের উদ্ধার করা হলেও, অরূপ ঘটনাস্থলেই মারা যান। তবে তাঁর স্ত্রী ও কনিষ্ঠ পুত্র শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। এই দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক গোলযোগ নাকি রক্ষণাবেক্ষণের গাফিলতি—সব দিকই খতিয়ে দেখছে টালা থানার পুলিশ।
ঘটনার সময় লিফ্ট অপারেটর উপস্থিত ছিলেন না বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই অভিযোগ ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনেরা। তাঁদের দাবি, হাসপাতালের অধিকাংশ লিফ্টেই নিয়মিত কোনও অপারেটর থাকেন না, ফলে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়।
পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মধ্যে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের ৮ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এর ইমার্জেন্সি বিভাগে এক চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনা রাজ্য জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। সেই ঘটনার পর ফের একই হাসপাতালে এ ধরনের দুর্ঘটনা নতুন করে নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.