
আবারও পুলিশকে তোপ তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের। এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়িত্বে থাকা রাজ্য পুলিশের সমালোচনা করলেন বীরভূমের তৃণমূল নেতা। তিনি সরাসরি পুলিশের সমালোচনা করেন। তাঁর অভিযোগ , জেলার কিছু পুলিশ খারাপ কাজ করে। অনুব্রত মণ্ডল বলেন, 'সব পুলিশ তো সমান হয় না। ঠিক যেমন হাতের পাঁচটি আঙুল সমান হয় না। পুলিশের সকলেও এক হয় না।'
বুধবার বোলপুর গীতাঞ্জলি উৎসবে হাজির হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেখানেই তিনি বলেন, তিনি জেলার পুলিশ সুপার আমনদীপকে খবর দিয়েছিলেন। তাঁর পরেই পুলিশ রাস্তায় রাস্তায় নাকা তল্লাশি চালিয়ে পাচার আটকাচ্ছে। তাঁর কথায় ,'আমিই এসপি-কে বলার পরে নাকা চেকিং করেছে। ঝাড়খণ্ড থেকে রামপুরহাট মহম্মদবাজার, সিউড়ি হয়ে রাজ্য ঢুকছে (কয়লা)। পুলিশের কাজ গ্রামবাসীদের করতে হয়েছে। সব পুলিশ খারাপ নয়। আবার কিছু পুলিশ তো নোংরামিতে যুক্তই। ' অনুব্রত ভালো পুলিশ ও খারাপ পুলিশের পার্থক্যও করেন। তিনি বলেন, 'সব পুলিশ তো সমান হয় না ঠিক যেমন হাতের পাঁচটি আঙুল সমান হয় না। পুলিশের সকলেও এক নয়।'
গত বছর মে মাসে বোলপুর থানার তৎকালীন ওসি লিটন হালদারকে ফোনে কুকথা বলার অভিযোগ ওঠে কেষ্টর বিরুদ্ধে। তা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। পুলিশকে সেই সময় তিনি রীতিমত ধমক দেন। পুলিশকে অশালীন মন্তব্য করেন। তাতে মুখ পোড়ে অনুব্রতর। ক্ষমা চাইতে হয়। সেইবার চিঠিতে অনুব্রত মণ্ডল চিঠিতে বলেন, 'সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে এক বার কেন, একশো বার ক্ষমা চাইতে পারে। আসলে আমি নানা রকম ওষুধ খাই। দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনও অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যিই আমি দুঃখিত। '
বুধবার অনুব্রতের ‘আমিই এসপি-কে বলার পর নাকা চেকিং করেছে’ মন্তব্য প্রসঙ্গে জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘‘আমরা প্রতিনিয়ত রেড করি। কয়লা পাচারের চেষ্টা হচ্ছে বলে ‘রেড’ হচ্ছে এমন নয়। আমরা সর্বদা সক্রিয়।’’ কেষ্টর দাবি নিয়ে আলাদা করে কোনও মন্তব্য করতে চাননি এসপি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.