
হুগলির গোঘাটে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার দুপুরে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হামলার সময়কার ভিডিও সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং করে কথা জানিয়েছেন মিতালি। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে আরামবাগের উদ্দেশে রওনা হয়েছিলেন। সেই সময় গোঘাটে বিজেপির দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালায়। তিনি বলেন, "দেখুন কী ভাবে বিজেপির দুষ্কৃতীরা গাড়িটা ভাঙচুর করেছেন। এখনও ভোট শুরু হয়নি। দেখুন এক জন মহিলার কী ভাবে কণ্ঠরোধ করা হচ্ছে।"
মিতালির আরও অভিযোগ, গোটা গাড়িতে কাচের টুকরো ছড়িয়ে। গায়ে কাচের টুকরো লেগেছে। পুরো গাড়িটাকে ভেঙেছে। যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের কার্যালয় হয়েছে, সেখানে তাঁদের গাড়ি দাঁড় করিয়ে লাঠি, বন্দুক নিয়ে হামলা চালানো হয়েছে। তাঁর কথায়, "গোঘাট, আরামবাগের মানুষকে বলব, আপনারা দেখতে পাচ্ছেন, কী ভাবে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। যে ভাবে মহিলাদের নির্যাতন করা হচ্ছে, মা-বোনেদের অনুরোধ আপনারা একজোট হয়ে ব্যালটে ভোট দিয়ে প্রমাণ করুন যে, মা-মাটি-মানুষের দল পিছোতে জানে না। তৃণমূল হার মানতে জানে না। নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গিয়েছ তৃণমূলের সমস্ত নেতা-কর্মীকে ধরে ধরে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন, এর দায় তোমাকে নিতে হবে। আমার গোটা শরীরে কাচ ফুটে ভর্তি হয়ে রয়েছে। এ ভাবে গোঘাট, আরামবাগের কণ্ঠরোধ করতে চাইছে।"
এদিকে, গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের গাড়িতেও হামলা করে কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে তারা হামলার অভিযোগ তুলেছে। পাল্টা বিজেপিও প্রতিবাদ শুরু করে। দু পক্ষের হাতেই লাঠি, বাঁশ, কাচ দেখা যায়। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। নিয়ে আসা হয় কেন্দ্রীয় বাহিনীকেও। বিজেপির দাবি, গোঘাটের বর্মায় বিজেপির প্রচার মিছিলে তৃণমূলের হামলার নিন্দা ঢাকতেই সাংসদ মিথ্যা নাটক করছেন। আরামবাগের প্রাক্তন বিজেপি সভাপতি তথা পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ পাল্টা দাবি করেছেন, "আমাদের প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে এখানে প্রচার চলছিল। সেই সময় গোঘাটের তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী লাঠি, ইট, রড, বন্দুক নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা চালায়। হাসপাতালে ২০ জন ভর্তি। মোট ৫০ জন আহত। প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। মিতালি বাগ নাটক করছে ঘটনাটি চাপা দেওয়ার জন্য।"
তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে পল্লিশ্রীতে স্থায়ী হেলিপ্যাডে চপারে নামবেন। সেখান থেকে গাড়িতে করে সংলগ্ন পল্লিশ্রী মোড়ে যাবেন। সেখানেই তিনি পথসভায় বক্তব্য রাখবেন। গোলমালের ঘটনায় কড়া পদক্ষেপের কমিশনের।এফআইআর দায়ের করে আগামী ৫ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিইও মনোজ কুমার আগরওয়ালের।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.