
West Bengal Police: এক মহিলার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। স্ত্রীকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি স্ত্রীর মৃত্যুর পর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর এখন তিনি সুস্থ। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বাবাকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে বসিরহাট থানার ২৩ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া অঞ্চলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম রনিতা দাস। তাঁর স্বামী ২৮ বছর বয়সি তাপস মিত্র পেশায় একজন মেকানিক। ২০২২ সালে তাঁদের বিয়ে হয়েছিল। দম্পতির কোনও সন্তান ছিল না।
পরিবার সূত্রে খবর, শনিবার দুপুরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তাঁরা জানতে পারেন, রনিতা বিষপান করেছেন। একই সময় তাঁর স্বামী তাপসও বিষপান করেছেন বলে জানা যায়। তড়িঘড়ি দু'জনকেই উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রনিতার। অন্যদিকে, চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তাপস। এই ঘটনায় মৃতার পরিবারের পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে খুনের অভিযোগ তোলা হয়েছে। রনিতার বাবা রবিন দাসের দাবি, তাঁর মেয়েকে পরিকল্পনা করেই বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। তাঁর প্রশ্ন, দু'জনেই যদি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে থাকেন, তাহলে জামাই কীভাবে সুস্থ হয়ে উঠলেন, অথচ তাঁর মেয়ের মৃত্যু হল?
সন্তান না হওয়া নিয়ে দাম্পত্য কলহ, নাকি দীর্ঘদিনের পারিবারিক অশান্তি, এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতার পরিবার। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বসিরহাট থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে স্বামী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি আত্মহত্যা, নাকি এর পিছনে রয়েছে পরিকল্পিত হত্যার ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.