
বিজেপির আরও কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা বাকি রয়েছে। এই অবস্থায় বাকি আসনের প্রার্থীদের নাম ঠিক করতে দিল্লিতে বৈঠক হয়েছে। কিন্তু নাম চূড়ান্ত করতে আরও এক দফা বৈঠক হবে বলে গেরুয়া শিবির সূত্রের খবর। আর সেই বৈঠক হবে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের বাড়িতে। প্রথম দুটি দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রার্থীদের নাম পছন্দ না হওয়ায় কলকাতা-সহ জেলায় বিজেপি নেতা আর কর্মীদের বিক্ষোভ শুরু হয়েছে। আর এই জাতীয় বিক্ষোভ এড়াতেই তৃতীয় দফায় প্রার্থী তালিকা নিয়ে যথেষ্ট সাবধান গেরুয়া শিবির।
সূত্রের খবর বাকি থাকা ৩৯ আসনের প্রার্থীদের নাম ঠিক করতে শনিবারই দিল্লিতে এক দফা বৈঠক হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন আরএসএস নেতৃত্ব, ভূপেন্দ্র যাদব, অমিত মালব্যর মত বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা নেতারা। বৈঠকের নেতৃত্বে ছিলেন শমীক ভট্টাচার্য। সেখানে প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে। রবিবার সেই নাম নিয়েই আলোচনা হতে পারে অমিত শাহের সঙ্গে। সেই বৈঠকে নিতিন নবীনের পাশাপাশি জেপি নাড্ডারও উপস্থিত থাকার কথা। বিজেপি সূত্রের খবর, সেখানেই চূড়ান্ত করা হতে পারে বিজেপির বাকি ৩৯ জনের নামের তালিকা।
এবার বিজেপি প্রার্থী তালিকা নিয়ে দীর্ঘ প্রক্রিয়া চলেছিল। পুরো বিষয়টা রাজ্য নেতৃত্বের হাতে ছিল না। প্রার্থীদের নাম ঠিক করার প্রথম দায়িত্ব ছিল এলাকার বিজেপি নেতা আর কর্মীদের ওপর। তাদের ঠিক করে দেওয়া নাম নিয়েই আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু তারপরেও প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ বিক্ষোভ রয়েছে। যা একাধিকবার প্রকাশ্যে এসেছে। কলকাতার পাশাপাশি জেলাতেও বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন কর্মীরা। যা ভোটের আগে রাজ্য নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। এবার বাকি ৩৯টি আসনের নাম নিয়ে যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিয়ে প্রথম থেকেই সাবধানী বিজেপি নেতারা। আর সেই কারণে বাকি ৩৯টি আসনে প্রার্থীর নাম ঠিক করতে দফায় দফায় বৈঠকে বসেছেন বিজেপির শীর্ষ নেতারা।
এপর্যন্ত বিজেপি দুটি দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রথম দফায় ১৪৪ আর দ্বিতীয় দফায় ১২২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছ বিজেপি। চর্চায় থাকা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যের মত প্রথর সারির প্রায় সব নেতাই টিকিট পেয়েছেন। এবার বাকি ৩৯টি আসনে কাদের প্রার্থী করা হবে তা নিয়ে জল্পনা চলছে দলের অন্দরে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.