
BJP News: নব নিযুক্ত যুবমোর্চার সভাপতিকে মানতে নারাজ বিজেপি কর্মীদের একাংশ। হুগলি বিজেপি জেলা অফিসে কোন্দল। ভাইরাল ভিডিয়ো। হুগলি বিজেপির কোন্দল যেন থামছেই না। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলীয় কোন্দল। কয়েক দিন আগে এক নেতাকে অফিসেই মারধোর করার অভিযোগ ওঠে। আর আজ পরিবর্তন যাত্রা নিয়ে সাংগঠনিক মিটিংয়ের আগে বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন।
ভাইরাল ভিডিয়োতে দলের কর্মীদের বলতে শোনা যায়," আমরা কেন মানব? মার খেয়েছি।সব সেটিং হয়ে গেলো।এসব চলবে না।'' (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। চিৎকার চেঁচামেচি এমন পর্যায়ে পৌঁছায় দলের নেতৃত্বকে সামাল দিতে নামতে হয়। মিটিং শুরু হতেও দেরি হয় বেশ খানিকটা। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি করা হয়েছে চন্দননগরের সোমবুদ্ধ দত্তকে। সোমবুদ্ধ আগে তৃণমূল ছাত্র নেতা ছিলেন। ২০২১ সালে বিধানসভা নির্বানের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।
রাজ্য বিজেপি তাকে এবার দলের যুব সংগঠনের দায়িত্ব দিয়েছে। আর তাতেই আপত্তি কর্মীদের। চন্দননগরের এক নেত্রী নতুন সভাপতির পক্ষ নেওয়ায় তাকে হেনস্থা হতে হয় বলে বিজেপি সূত্রে খবর। জেলার অন্য মন্ডল থেকে আসা কর্মীদের অভিযোগ, তৃণমূল করার সময় বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে যে, তার নেতৃত্বে দল করতে পারবেন না তারা।
এ প্রসঙ্গে দলের হুগলি জেলা সাধারন সম্পাদক সন্দীপ সাধুখাঁ বলেন, ‘’যদি এরকম কিছু হয়ে থাকে সেটা আমাদের সাংগঠনিক বিষয়। আমাদের জেলা সভাপতি, রাজ্য সভাপতি আছেন ওনারা বিষয়টা দেখবেন। বাড়িতে পাঁচটা ভাই থাকলে একজনকে কিছু বেশি দিলে অন্য ভাইরা বলে কেন কম দিলে। আমাদের এত কর্মী আছে কাউকে কম, কাউকে বেশি দিলে এটা হতেই পারে এটা আমরা বুঝব। আমাদের মধ্যে কোনও ক্ষোভ নেই।''
অন্যদিকে সোমবুদ্ধ দত্ত বলেন, ‘’যে সময় ছাত্র রাজনীতি করেছি সেটা অতীত। এখন বিজেপি আমার দল। দল যে দায়িত্ব দিয়েছে তা করব। নতুন ছেলে তুলে আনব।'' এই বিষয়ে হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, আমার কাছে এখনও পর্যন্ত দলের কোনও এরকম নির্দেশ আসেনি। আমি জানিও না কে সভাপতি হয়েছেন। নির্দেশ এলে তখন দেখা যাবে।'' বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নব নিযুক্ত যুব সভাপতিদের নাম প্রকাশ করা হয়েছে। হুগলি সংগঠনিক জেলার বিজেপি সভাপতি তা জানেন না বলে দাবি তার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.