
ভোরের আলো ফুটতেই গঙ্গার ঘাটে ছটপুজোর আবহ! মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে হাজার হাজার পুণ্যার্থীর ভিড়ে জমজমাট সদরঘাট, গাড়িঘাট, মারোয়ারি পট্টিঘাট-সহ একাধিক গঙ্গার ঘাট। সোমবার ভোর থেকেই সূর্যদেবের আরাধনায় মেতে ওঠেন ব্রতীরা।
ভোরের আলো ফুটতেই গঙ্গার ঘাটে ছটপুজোর আবহ! মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে হাজার হাজার পুণ্যার্থীর ভিড়ে জমজমাট সদরঘাট, গাড়িঘাট, মারোয়ারি পট্টিঘাট-সহ একাধিক গঙ্গার ঘাট। সোমবার ভোর থেকেই সূর্যদেবের আরাধনায় মেতে ওঠেন ব্রতীরা। গঙ্গার জলে স্নান করে শুদ্ধাচারের মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি সারেন তাঁরা। এরপর উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে পরিবারের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সন্তানদের দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করেন। শঙ্খধ্বনি, ছটের ভক্তিগীতি এবং ভক্তদের প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে গঙ্গার ঘাট। বাঁশের ডালায় ঠেকুয়া, ফলমূল, আখ-সহ নানা উপকরণ সাজিয়ে সূর্যদেবকে নিবেদনের দৃশ্য ধরা পড়ে ঘাটে ঘাটে।