
Chiranjeet Chakraborty: এবার আর ভোট দেওয়া হল না টলিউডের তারকা অভিনেতা তথা তৃণমূলের বিদায়ী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী-র। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের চারুচন্দ্র কলেজের মধ্যে থাকা ১৭০ নম্বর বুথে দীর্ঘ সময় ধরে ইভিএমে গোলযোগের অভিযোগ উঠেছে। ভোট দিতে এসে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত ভোট না দিয়েই ফিরে যেতে বাধ্য হন। একই কারণে অভিনেতা তথা তৃণমূলের বিদায়ী বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীও ভোট না দিয়েই ফিরে যান। হাসিমুখে ভোট দিতে ঢুকে, EVM বিভ্রাটে হতাশ হয়েই ফিরতে হল টলিউডের জনপ্রিয় তারকাকে।
বারাসতের তিনবারের তারকা বিধায়ক চিরঞ্জিতকে এবার আর টিকিট দেয়নি দল। মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর অনুরোধ না করায় তিনি লড়েননি। চিরঞ্জিত চক্রবর্তীকে এবার দলের প্রচারেও দেখা যায়নি। সম্ভবত সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন 'কেঁচো খুঁড়তে কেউটে' তারকা। শারীরিক সমস্যার কারণেই তিনি এবার ভোটে লড়েননি বলে বারাসতের বিদায়ী তৃণমূল তারকা বিধায়ক জানিয়েছিলেন।
২০১১ সালে রাজ্যে পরিবর্তনের ভোটে প্রথমবার তৃণমূলের টিকিটে বারাসতে জিতেছিলেন চিরঞ্জিত। নন্দীগ্রাম-সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েই টিকিট পেয়েছিলেন টলি তারকা। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত করেন চিরঞ্জিত। এরপর ২০১৬ বিধানসভা নির্বাচনে দলের নিচুতলার অসন্তোষ সত্ত্বেও বারাসত থেকে চিরঞ্জিতকে দাঁড় করিয়ে জিতিয়ে আনেন মমতা। কিন্তু দ্বিতীয়বার জয়ের পর নিজের কেন্দ্রের জন্য কিছুই করেননি বলে তৃণমূলের অন্দরেই 'বেদের মেয়ে জ্যোৎস্না'-র নায়ককে ঘিরে ক্ষোভ চরমে ওঠে। তবে এত কিছুর পরেও ২০২১ বিধানসভা ভোটে সেখান থেকেই বর্ষীয়ান এই টলিউড তারকাকে টিকিট দেন মমতা। সেবারও জিতে হ্যাটট্রিক করেন চিরঞ্জিত। তবে আর লড়লেন না। সঙ্গে আবার ভোটটাও দেওয়া হল না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.