
সিভিক ভলান্টিয়ারদের অ্যাড-হক বোনাস বাড়াল রাজ্য সরকার। এক ধাক্কায় ৬০০ টাকা বোনাস বাড়ানো হয়েছে। গত বছর এই বোনাস ছিল ৬,৮০০ টাকা। এবার তা বাড়িয়ে করা হল ৭,৪০০ টাকা। নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা পাবেন এই সুবিধা। গ্রাম পুলিশ ভলান্টিয়ারদের ক্ষেত্রেও প্রযোজ্য এই সিদ্ধান্ত। নতুন বোনাস কাঠামোর নির্দেশিকা জারি করে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের সিপি কে জানাল নবান্ন। কলকাতার পুলিশ কমিশনার (CP) এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) এই বোনাস বন্টনের বিষয়টি তদারকি করবেন।
পশ্চিমবঙ্গে পুলিশকে সহায়তার জন্য ২০১৩ সালে গঠিত একটি স্বেচ্ছাসেবক বাহিনী হল সিভিক ভলান্টিয়ার। এরা ট্রাফিক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা রক্ষা ও এলাকায় টহল দেওয়ার কাজে পুলিশকে সাহায্য করে। বর্তমানে প্রায় ১.২৪ লক্ষের বেশি কর্মী এই পদে কর্মরত আছেন। সিভিক ভলান্টিয়াররা কোনও প্রশাসনিক কাজ বা আইন প্রয়োগের মূল কাজে সরাসরি অংশগ্রহণ করতে পারে না।
১৫ মার্চ ভোটর নির্ঘণ্ট ঘোষণার আগে পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে সাম্মানিক পাবেন। এছাড়াও, সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও বড় ঘোষণা করেছিলেন তিনি। ২০২৬ সালের মার্চ মাস থেকে ROPA 2009-এর বকেয়া মহার্ঘ ভাতা (DA) দেওয়া শুরু হবে বলে জানিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পুরসভা এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির কর্মীরা এই সুবিধার আওতায় পড়বেন। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশাল পরিমাণ অর্থ একবারে নয়, বরং কয়েকটি পর্যায়ে সরকারি কর্মীদের দেওয়া হবে। অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমে দেওয়া হবে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ। তার অর্ধেক মিলবে চলতি মার্চ মাসেই। আর বাকিটা সেপ্টেম্বরে।
এদিকে রাজ্য বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্পের (Yuva Sathi Satus) টাকা প্রথমে এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হবে বলে ঘোষণা করা হয়েছিল। পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে মার্চ থেকেই তা দেওয়া শুরু করেছে সরকার। অনলাইন ও অফলাইন মিলিয়ে এই প্রকল্পের জন্য প্রায় ৮০ লক্ষ আবেদন জমা পড়েছিল।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.