
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! অক্টোবর মাসের অগ্রিম বেতন মিলবে পঞ্চমীর দিনেই। শুধু তাই নয়, কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ২০ শতাংশ মহার্ঘ ভাতা (DA)। পাশাপাশি সপ্তম পে কমিশন চালু করা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে দুর্গাপুজোর মুখে সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
শারদোৎসবের আগে সরকারি কর্মীদের আর্থিক স্বস্তি দিতে অক্টোবর মাসের বেতন আগাম দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, পঞ্চমীর দিনই কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অক্টোবর মাসের অগ্রিম বেতন। পুজোর কেনাকাটা, পরিবারের খরচ এবং উৎসবের অন্যান্য প্রস্তুতিতে এই টাকা বিশেষভাবে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
অগ্রিম বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতা নিয়েও সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ২০ শতাংশ ডিএ জমা পড়বে বলে জানানো হয়েছে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ঘোষণা করেন তিনি। দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে কর্মীদের মধ্যে যে আলোচনা চলছে, তার মধ্যেই এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
সপ্তম পে কমিশন নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?
রাজ্য সরকারি কর্মীদের নজর এখন সপ্তম বেতন কমিশনের দিকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কমিশন গঠনের কাজ ইতিমধ্যেই হয়েছে। সিনিয়র আইএএস নবীন প্রকাশের নেতৃত্বে গঠিত হয়েছে সপ্তম পে কমিশন। এবার কমিশনের সুপারিশ ও রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।
তবে সপ্তম পে কমিশন ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। মুখ্যমন্ত্রীর আশ্বাস, কমিশনের রিপোর্ট হাতে পেলেই দ্রুত তা কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
রাজ্যে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো চালু রয়েছে। রোপা ২০১৯-এর মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫-এ শেষ হওয়ার পর ১ জানুয়ারি ২০২৬ থেকে সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়া নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে, তা নির্ভর করবে কমিশনের রিপোর্ট এবং রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ব্যবধান দ্রুত কমিয়ে আনার চেষ্টা করা হবে। একই সঙ্গে সপ্তম পে কমিশন কার্যকর করার বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি। ফলে পুজোর আগে অগ্রিম বেতন ও ডিএ পাওয়ার পাশাপাশি ভবিষ্যতে বেতন বৃদ্ধির সম্ভাবনা নিয়েও সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে।
তবে সপ্তম পে কমিশনের চূড়ান্ত সুপারিশ, কার্যকর হওয়ার তারিখ এবং নতুন বেতন কাঠামোয় কতটা বেতন বাড়বে—এই বিষয়গুলির জন্য এখনও সরকারি নির্দেশিকার অপেক্ষা করতে হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.