
ডিএ নিয়ে নবান্নের বৈঠকের দিন বদল। ৩০ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হচ্ছে না ডিএ নিয়ে আন্দোলনে নামা সরকারি কর্মচারী সংগঠনগুলির। ৩০ মে-র বদলে ওই বৈঠকটি হবে ১ জুন। নবান্নের ১৪ তলায় কনফারেন্স রুমে বিকেল ৫টায় বৈঠকটি হবে। বৈঠকের দিন বদল নিয়ে ইতিমধ্যেই সংগঠনগুলিকে চিঠি পাঠানো হয়েছে। এই চিঠির কথা স্বীকার করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ফেসবুক পোস্টে চিঠি পোস্ট করে তিনি লিখেছেন, "মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে DA মামলাকারী সংগঠনগুলির পূর্ব নির্ধারিত আলোচনার দিন পরিবর্তিত হয়ে আগামী ১লা জুন বিকাল পাঁচটায় স্থির হয়েছে। আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সকলের বকেয়া DA সংক্রান্ত সমস্যার সমাধান করবেন। SJM এর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।"
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিও ও কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্যের নতুন বিজেপি সরকার। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে। সেদিন ডিএ নিয়ে কোনও ঘোষণা না হওয়াতে আশাহত হন সরকারি কর্মচারীরা। এবার সেই ক্ষোভ কমাতে তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে ডিএ নিয়ে আন্দোলনে নামা সমস্ত সরকারি কর্মচারী সংগঠনগুলিকে ডাকা হয়েছে।
চলতি মে মাসের শেষেই ডিএ আন্দোলনকারী সমস্ত সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি টেবিলে বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের সভাগৃহেই আয়োজিত হতে চলেছে এই বৈঠক। ডিএ আন্দোলনের পুরোভাগে থাকা ‘সংগ্রামী যৌথ মঞ্চের’ পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যৌথ মঞ্চের অন্যতম প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজ্য সরকারি কর্মচারীদের এই সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ৩০ মে ডিএ মামলাকারী সমস্ত সংগঠনের প্রতিনিধিদের নবান্নে আলোচনার জন্য ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সম্প্রতি, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছিল নতুন বিজেপি সরকার। কিন্তু সেই মেগা ঘোষণার দিনেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি। সাংবাদিক বৈঠকে নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে কোনও আলোচনাই হয়নি। স্বভাবতই কর্মচারীদের একাংশের মনে আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের মধ্যে কোনও ধরনের সংঘাত চান না। ক্ষোভের পরিবেশ বজায় থাকুক, এটাও চান না। আর সেই কারণেই আইনি জটিলতা ও আন্দোলনের রাস্তা এড়িয়ে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে মুখোমুখি বসে বকেয়া ডিএ মেটানোর একটি সুনির্দিষ্ট ‘রোডম্যাপ’ বা ব্লুপ্রিন্ট তৈরি করতে চলেছেন তিনি।
সূত্রে খবর, সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও ওই বৈঠক ডাক পেয়েছে কনফেডারেশন অফ গভর্মেন্ট এমপ্লয়িজ়, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ। যদিও মুখ্যমন্ত্রী কেবলমাত্র চারটি সংগঠনের নেতৃত্বকে নিয়ে ডিএ সংক্রান্ত বৈঠক করবেন কেন? এই সংক্রান্ত প্রশ্ন তুলে ইতিমধ্যে সরব হয়েছে রাজ্যের অন্য সরকারি কর্মচারী সংগঠনগুলি। সিপিএম সমর্থিত কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী জানিয়েছেন যে তাঁরা ডাক পাননি। প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, যে সংগঠনগুলি ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে আইনি লড়াই করছিল, মূলত তাদের নেতৃত্বকে বৈঠকে ডাকা হয়েছে। কী ভাবে আইনি লড়াইকে পাশে রেখে রাজ্য সরকারি কর্মচারীদের দাবিদাওয়া দ্রুত পূরণ যায়, সেই বিষয়ে বর্তমান রাজ্য সরকার সচেষ্ট। তাই ওই দিনের বৈঠকে ডিএ এবং পে কমিশন সংক্রান্ত আলোচনা তো হবে। এছাড়াও আইনি লড়াইকে পাশ কাটিয়ে কীভাবে রাজ্য সরকারি কর্মচারীদের দাবিদাওয়া মিটিয়ে দেওয়া যায় সেই বিষয়েও মুখ্যমন্ত্রী মতামত নেবেন ওই সংগঠনগুলির নেতাদের থেকে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.