Baruipur Case: 'রাস্তায় নাটক করছেন', বারুইপুরে মমতার মোমবাতি মিছিলকে কটাক্ষ দিলীপ ঘোষের

Saborni Mitra   | ANI
Published : Jul 07, 2026, 07:20 PM IST
Dilip Ghosh Slams Mamata Banerjees Baruipur Protest March as Street Drama

সংক্ষিপ্ত

বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমবাতি মিছিলকে 'রাস্তায় নাটক' বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি মমতার বিরুদ্ধে তোপ দেগে বলেন, নিজের শাসনকালে হাজার হাজার ধর্ষণ-খুনের ঘটনায় তিনি কখনও পথে নামেননি। 

বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর বিরোধীদের প্রতিবাদ নিয়ে মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বিরোধী নেত্রীর বিরুদ্ধে "রাস্তায় নেমে নাটক করার" অভিযোগ তোলেন। অপরাধ ও উন্নয়ন ইস্যুতে তাঁর পুরনো রেকর্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দিলীপ বলেন, "মানুষ ওঁকে বিরোধী আসনে বসার সুযোগ দিয়েছে। উনি এতটাই জনপ্রিয় নেত্রী যে নিজে জিততে পারেননি। এখন রাস্তায় নেমে নাটক করছেন। আপনি বিরোধী দলে আছেন, প্রতিবাদ কীভাবে করতে হয় তা জানেন। সারাজীবন তো তাই করেছেন। উন্নয়নের আপনি কিছুই বোঝেন না। ওঁর আমলে হাজার হাজার ধর্ষণ, খুন হয়েছে। তখন কি ওঁকে কখনও রাস্তায় নামতে দেখেছেন? কোনও নির্যাতিতার বাড়িতে গিয়ে সমবেদনা জানাতে? না, দেখেননি।"

বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী ও নেতাদের সঙ্গে নিয়ে একটি মোমবাতি মিছিল করেন। এরপরই এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। তৃণমূল নেতাদের অভিযোগ, রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বাড়িতে আটকে রেখেছিল এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দিয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, "আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের চারজন তৃণমূল সদস্য সেখানে গিয়েছিলেন। দোলা সেনের ফোন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেছেন। উনি গতকাল থেকেই ওখানে যেতে চাইছিলেন, কিন্তু পুলিশ গৃহবন্দীর মতো পরিস্থিতি তৈরি করে রেখেছে। জনতা আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে।"

শনিবার ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পরে একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠায় এলাকায় তীব্র উত্তেজনা ও প্রতিবাদ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফোন করে মেয়েটির বাবার সঙ্গে কথা বলেছেন এবং অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।

বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বুধবার তৃণমূল কংগ্রেসকে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মিছিলের জন্য আদালতের ছাড়পত্র মিলেছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কল্যাণবাবু জানান, তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন এই মিছিলের আয়োজন করবে। বুধবার দুপুর ২:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ক্রসিং পর্যন্ত যাবে। এই মিছিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন কিনা তাই এখন দেখার বিষয়। তৃণমূল সূত্রের খবর, তিনি হাজির হতে পারেন মিছিলে।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Baruipur Case: হাইকোর্টের অনুমতি পেল কালীঘাট তৃণমূল, বুধবার বারুইপুর কাণ্ডের প্রতিবাদে মিছিল
CM Suvendu Baruipur: 'উস্কানি' দিয়েছিল! বারুইপুরে গিয়ে কাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? দেখুন