
পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের মুখে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। রাজ্যে দু'দফায় ২৩ এবং ২৯ এপ্রিল ভোট হওয়ার কথা। তার আগে মঙ্গলবার নির্বাচন কমিশন রাজ্যের বেশ কয়েকজন পুলিশকর্তাকে বদলির নির্দেশ দিয়েছে। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় নতুন অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বদলি হল: ২০১১ ব্যাচের আইপিএস সূর্য প্রতাপ যাদবকে বারাসত পুলিশ জেলার এসপি করা হয়েছে। কোচবিহারের নতুন এসপি হচ্ছেন রাকেশ সিং (এসপিএস ২০১৪)। বীরভূমের এসপি পদে আসছেন কুমার সানি রাজ (আইপিএস ২০১৭)। ইসলামপুর পুলিশ জেলার এসপি হচ্ছেন ঈশানী পাল (আইপিএস ২০১৩)। হুগলি গ্রামীণের এসপি পদে আসছেন পুষ্পা (আইপিএস ২০১২) এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার নতুন এসপি হচ্ছেন জসপ্রীত সিং (আইপিএস ২০১৬)। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে (আইপিএস ২০১৫) কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডিসি এবং পাপিয়া সুলতানাকে (এসপিএস ২০১৫) পশ্চিম মেদিনীপুরের এসপি হিসেবে দায়িত্ব নিতে বলা হয়েছে।
এর ঠিক আগের দিন, অর্থাৎ সোমবারও কমিশন কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছিল। পীযূষ পাণ্ডেকে সরিয়ে সিদ্ধনাথ গুপ্তকে রাজ্যের নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজি) পদে আনা হয়। একইসঙ্গে কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে অজয় কুমার নন্দকে দায়িত্ব দেওয়া হয়। নটরাজন রমেশ বাবুকে কারা দফতরের ডিজি এবং অজয় মুকুন্দ রানাডেকে রাজ্যের এডিজি ও আইজিপি (আইনশৃঙ্খলা) পদে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর এই নিয়ে দুই দফায় পুলিশে রদবল হল। আগেই রাজ্যের শীর্ষস্থানীয় পুলিশ কর্তাদের সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সরানো হয়েছিল রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্র সচিবকেও।
রবিবারই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। সূচি অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২৩ এবং ২৯ এপ্রিল—এই দুই দফায় ভোট হবে। কেরালা ও আসামে এক দফায় ৯ এপ্রিল ভোটগ্রহণ। তামিলনাড়ুতে ভোট হবে ২৩ এপ্রিল। পুদুচেরিতেও ভোট হবে ৯ এপ্রিল। কমিশন জানিয়েছে, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা হবে ৪ মে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.