
Malda BJP News: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মালদহের রতুয়া। বিজেপি নেতার মাথা ফাটাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। ঘটনায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস—উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে। ইতিমধ্যেই রতুয়া থানায় উভয় পক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার বিকেলে রতুয়ার বালুপুর রাস মন্দির এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি মহানন্দ মণ্ডলের বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসা দ্রুত হাতাহাতিতে পরিণত হয় এবং এই সংঘর্ষে গুরুতর জখম হন রতুয়া বিধানসভার বিজেপি ৩-নের মন্ডল সভাপতি মহানন্দ মণ্ডল।
তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ঘটনার খবর পেয়ে আহত নেতাকে দেখতে হাসপাতালে পৌঁছান রতুয়ার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া। বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীরাই পরিকল্পিতভাবে তাদের মণ্ডল সভাপতির উপর হামলা চালিয়েছে। এটি প্রাণঘাতী আক্রমণ এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের ব্লক সভাপতি অজয় সিনহার দাবি, বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার পাল্টা অভিযোগ, বিজেপির কর্মীরাই তাদের দলীয় কর্মীদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় তৃণমূলের অন্তত তিনজন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে সমর মণ্ডল, রাজা ঘোষ এবং হেমন্ত মণ্ডলের নাম উল্লেখ করা হয়েছে।
এদের মধ্য দু'জন সমর মন্ডল ও রাজা ঘোষ আগে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তৃণমূলের সঙ্গে কাজ করছিলেন। সেই কারণেই বিজেপির তরফে তাদের উপর হামলা চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আরও একজন কর্মী আহত হন বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে রতুয়া জুড়ে রাজনৈতিক তরজা তীব্র আকার নিয়েছে। পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখে ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.