
নতুন সরকার আসার পর থেকেই রাজ্যে চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা। কিন্তু এই প্রকল্পের সুবিধে এখনও পর্যন্ত রাজ্য়ের সব যোগ্য মহিলা পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে। ব্লকে ব্লকে অন্নপূর্ণার ৩০০০ টাকার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। তেমনই ঘটনার সাক্ষী মালদা। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক অফিসে অন্নপূর্ণার টাকার দাবিতে মহিলাদের কান্নাকাটি করতে দেখা গেল।
মোবাইলে ছড়িয়ে পড়া ভুয়ো বিজ্ঞপ্তি দেখে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সংক্রান্ত সমস্যা সমাধানের আশায় সরকারি ছুটির দিনেও ব্লক অফিসে হাজির হলেন বহু মহিলা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ ব্লক অফিস চত্বরে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। মহিলাদের অভিযোগ, সমস্যা জানাতে ব্লক অফিসে যাওয়ার পর তাঁদের কয়েকজনকে নিচের তলায় আটকে রাখা হয়। পরে ভিতর ও বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মোবাইলে ছড়িয়ে পড়ে। পরে সেটি ভুয়ো বলে জানা যায়। বিজ্ঞপ্তি দেখে অনেক মহিলা টাকা সংক্রান্ত সমস্যা নিয়ে ব্লকে চলে আসেন। তাঁদের মধ্যে কেউ প্রথম কিস্তির টাকা পেলেও পরবর্তী কিস্তি পাননি। আবার কয়েকজন এখনও পর্যন্ত প্রকল্পের কোনও কিস্তির টাকা পাননি বলে দাবি করেন।
ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ব্লক অফিসে পৌঁছে আটকে থাকা মহিলাদের বের করে আনে। এরপর পুলিশের সামনে হাতজোড় করে কান্নায় ভেঙে পড়েন কয়েকজন মহিলা। দ্রুত সমস্যার সমাধানের আবেদন জানান তাঁরা।
পরে বিডিও ব্লক অফিসে এলেও অভিযোগকারী মহিলাদের সঙ্গে দেখা করেন নি বলে অভিযোগ। এতে ক্ষোভ আরও বাড়ে। একদিকে টাকা না ঢোকার ক্ষোভ, অন্যদিকে সরকারি কর্মীদের অসহযোগিতা- সব মিলিয়ে রীতিমত ক্ষুব্ধ স্থানীয় মহিলারা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.