
Malda Medical College News: ফের বিতর্কে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবার রোগীর সাক্ষাতের সময়ে অসুস্থ দাদুকে দেখতে গিয়ে মেডিকেল কলেজের নিরাপত্তারক্ষীদের হাতে আক্রান্ত হলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। তাকে বাঁচাতে গিয়ে আহত হলেন তার দুই মাসিও। আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজের ট্রমা কেয়ার ইউনিটে।
অভিযোগ, ইংলিশ বাজার শহরের গয়েশপুরের এক ব্যক্তি অসুস্থ হয়ে চার দিন ধরে মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। আজ তাঁকে দেখতে তাঁর মাধ্যমিক পরীক্ষার্থী নাতি সাজেদ আলী যায়। রোগীর সঙ্গে সাক্ষাতের পরিচয়পত্র ছিল তারপরেও ট্রমা কেয়ার ইউনিটের নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেয় বলে অভিযোগ। কারণ জানতে চাইলে তাকে একটি ঘরে ঢুকিয়ে মারধর করা হয়।
সেই সময় তার দুই মাসি শাহাজাদী বিবি ও সালমা খাতুন ভাগ্নেকে উদ্ধার করতে যান। তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় ইংলিশ বাজার থানায় অভিযোগ করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে ওই তিন নিরাপত্তারক্ষী গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ ডাক্তার গণেশ চন্দ্র গাইন জানান, বিষয়টি তিনি শুনেছেন। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফাই ক্ষোভ সাধারণ মানুষের। সাম্প্রতিক সময়ে মেডিকেলের মাতৃ-মা ভবনের শিশুবিভাগের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ওই ছবিতে দেখা যায় শিশু বিভাগের শৌচালয়ের সামনে আবর্জনায় ভরে রয়েছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আমরা। এইদিন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান খোদ অতিরিক্ত জেলাশাসক।
বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি মালদা মেডিকেলের মাতৃ-মা ভবনের শিশু বিভাগ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে মেডিকেল কর্তৃপক্ষকে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক। যদিও ঘটনাপ্রসঙ্গে তিনি দাবি করেছেন, আবর্জনা পরিষ্কার করার আগে একত্রিত করার সময় এই ছবি তুলে মেডিকেল কলেজের দুর্নাম করা হচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.