Mayapur ISKCON: আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হতে চলেছে মায়াপুর ইসকন! স্মার্ট সিটি হিসাবে রূপ পাবে নবদ্বীপ

Published : Oct 02, 2026, 11:00 AM IST
iskon mayapur

সংক্ষিপ্ত

Mayapur ISKCON: ইসকন মন্দিরকে কেন্দ্র করে মায়াপুরকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তুলতে বড়সড় পরিকল্পনা করছে রাজ্য সরকার। এই লক্ষ্যে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেছেন।

Mayapur ISKCON: কৃষ্ণনগরের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান মায়াপুর। ইসকন মন্দিরকে কেন্দ্র করে সারা বছরই দেশ-বিদেশের বহু পুণ্যার্থীর সমাগম হয়। এবার মায়াপুরকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তুলতে বড়সড় পরিকল্পনা করছে রাজ্য সরকার। মায়াপুরের সামগ্রিক উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে প্রশাসনিক বৈঠক করতে ইসকন মায়াপুরে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ইসকনের লোটাস ভবনে আয়োজিত উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী, নদিয়ার জেলা শাসক ও অতিরিক্ত জেলা শাসক, কেএমডিএ-এর সিইও নিতিন সিংহানিয়া, দপ্তরের যুগ্ম সচিব সুপ্রিয় অধিকারী, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের আধিকারিক এবং ইসকনের প্রতিনিধিরা। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, ইসকন মন্দির সংলগ্ন প্রায় ৭০০-৮০০ একর জমি এবং পার্শ্ববর্তী টাউন এলাকাকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তাঁর বক্তব্য অনুযায়ী, কলকাতার কলেজ স্ট্রিট ও ট্যাংরা চিনা টাউনের মতো নির্দিষ্ট এলাকার পরিকাঠামোগত উন্নয়নের আদলেই মায়াপুরকে সাজিয়ে তোলা হবে।

দেশ-বিদেশ থেকে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর কথা মাথায় রেখে রাস্তাঘাট, নিকাশি, গণপরিবহণ এবং অন্যান্য পর্যটন পরিকাঠামোর আধুনিকীকরণের পরিকল্পনা করা হচ্ছে। জাতীয় স্তরের দক্ষ প্ল্যানার ও আর্কিটেক্টদের দিয়ে এর জন্য একটি বিস্তারিত ব্লু-প্রিন্ট তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী। মায়াপুরের বর্তমান পরিকাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অগ্নিমিত্রা। তিনি জানান, বর্তমানে এলাকাটি পঞ্চায়েতের অধীনে থাকায় সঠিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা নেই। ফলে বিভিন্ন জায়গায় আবর্জনা জমছে। পাশাপাশি, আধুনিক STP (Sewage Treatment Plant) না থাকায় নিকাশি ব্যবস্থাতেও সমস্যা রয়েছে।

মন্ত্রী জানান, যৌথ সমন্বয়ের মাধ্যমে পঞ্চায়েত এলাকার এই উন্নয়ন করা হবে। মায়াপুরের পরিকাঠামোকে আরও আধুনিক করে পুণ্যার্থী ও পর্যটকদের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এদিন অগ্নিমিত্রা পাল আরও জানান, রাজ্যের নির্বাচিত পাঁচটি স্মার্ট সিটির মধ্যে নবদ্বীপকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই পরিকল্পনার আওতায় নবদ্বীপ ও মায়াপুর—দুই এলাকাকেই পৃথক ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসকন মন্দিরে গিয়ে আরতিতেও অংশ নেন অগ্নিমিত্রা পাল। মন্ত্রীর দাবি, পুরসভার সাফাইকর্মী ও প্রশাসনিক দলকে সঙ্গে নিয়ে দ্রুততার সঙ্গে উন্নয়নমূলক কাজগুলি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

SIR-এ নাম বাদ পড়েছে? ফের ভোটার তালিকায় নাম তোলার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন
Bekar Bhata: পড়ে গিয়েছে অক্টোবর মাস, কবে খুলছে ‘যুবশক্তি’ পোর্টাল? কোথায় করবেন আবেদন?