Narendra Modi: পশ্চিমবাংলায় এবার পরিবর্তন হবেই। গতবার নন্দীগ্রামের মত এবার ভবানীপুরে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কথাই হলদিয়ার সভামঞ্চ থেকে জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝড়-বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হওয়া হলদিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। শুভেন্দু অধিকারী-র সঙ্গে মনোনয়ন জমা দিতে গিয়ে অমিত শাহ বলেছিলেন, দিদিকে ওর ঘরে ঢুকে হারাবো। সেই কথাটাই এদিন নরেন্দ্র মোদী ঘুরিয়ে বললেন। মোদী এদিন হলদিয়ার মাখনবাবুর বাজার এলাকায় সভামঞ্চে দাঁড়িয়ে বললেন,"পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। ঠিক তেমনটাই এবার হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে।"
প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে প্রবল প্রতিদ্বন্দ্বিতার পর মমতা বন্দ্য়োপাধ্য়ায়-কে হারিয়েছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুরে উপনির্বাচনে জিতে সিংহাসন ধরে রেখেছিলেন মমতা। এবার মমতাকে চাপে রাখতে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও শুভেন্দুকে দাঁড় করিয়েছে। অমিত শাহ নিজেই জানিয়েছিলেন, তাঁর ইচ্ছাতেই ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়ছেন শুভেন্দু। শাহ-র পর এবার মোদীও জোরের সঙ্গে বললেন, গোটা পশ্চিমবঙ্গে তো পরিবর্তন হবেই, সঙ্গে ভবানীপুরেও হারবেন মমতা।
সেই সঙ্গে মোদী এই জনসভা থেকে দাবি করেন, পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড় বইছে। মোদীর দাবি, "বাংলায় পরিবর্তনের ঝড় বইছে। তৃণমূলের বিদায় নিশ্চিত।"সেই সঙ্গে প্রধানমন্ত্রী দাবি করেন,"দেশ এগোচ্ছে, কিন্তু বাংলা পিছোচ্ছে। মোদী বললেন, "দেশ সঠিক পথে এগিয়ে চলেছে। কিন্তু নির্মম রাজ্য সরকার বাংলাকে অনেকটা পিছিয়ে দিয়েছে। ভাল করে দেখুন হলদিয়ার কারখানায় তালা ঝুলছে। রাজ্যের মানুষ কাজের খোঁজে আন্দামান পর্যন্ত চলে যাচ্ছে।"পাশাপাশি হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে বেশ কিছু গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি বঙ্গে ক্ষমতায় এলে রোজগার মেলা করা হবে। যার যা অধিকার সেটা দেওয়া হবে। মা-বোনেদের মানসম্মানের গ্যারান্টি দেওয়া হবে। এমন কথাই জনসভায় দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপি সরকার সংবিধান অনুযায়ী কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.