
Independence Day 2026: নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) অপমান করার ঘটনায় চরম ক্ষুব্ধ স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম মহিলা শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের (Pritilata Waddedar) পরিবার। নাম প্রকাশ করা যাবে না এই শর্তে প্রীতিলতা ওয়াদ্দেদারের এক বোনের মেয়ে এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন, 'এখন স্বাধীনতা দিবস এলে বড় কষ্ট হয়। ছোটবেলায় আমি স্কাউট করতাম। স্কুলে কত ভালো অনুষ্ঠান হত। সেই অনুষ্ঠানে আমি প্রতিবারই থাকতাম। একবার স্কাউটের দল থেকে আমাদের গড়ের মাঠে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে সুন্দর অনুষ্ঠান হয়েছিল। আমাদের ছোটবেলায় সকাল থেকে সন্ধে পর্যন্ত কত অনুষ্ঠান হত। এখন আর কোথাও সেরকম ভালো অনুষ্ঠান হয় না। পরিবেশ বদলে গিয়েছে। আমার এসব দেখে ভালো লাগে না। আপনি কোনও ভালো কাজ করতে যান, কোনও খারাপ কাজের প্রতিবাদ করতে যান, আপনার উপর আক্রমণ নেমে আসবে। একা কি প্রতিবাদ করা যায়, না ভালো কাজ করা যায়? সংগঠিত হতে না পারলে কিছু করা যাবে না।'
সম্প্রতি পশ্চিমবঙ্গেরই একাধিক প্রান্তে নেতাজির অবমাননা করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে প্রীতিলতা ওয়াদ্দেদারের বোনের মেয়ে বললেন, 'আমি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখছিলাম, নেতাজির ছবিতে থুতু দিচ্ছে। আমরা এসব ভাবতে পারি না। এই ধরনের ঘটনা দেখলে কষ্ট হয়, যন্ত্রণা হয়, আবার একইসঙ্গে রাগও হয়। যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁর কি এই অপমান প্রাপ্য! আমাদের দেশ-সমাজ কোথায় যাচ্ছে? আমরা কি এর প্রতিবাদ করব না? অতীতে দেখা গিয়েছে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ের তলায় নেতাজির ছবি। এসবই এখন চলছে।'
প্রীতিলতা ওয়াদ্দেদারের বোনের মেয়ে রাজনীতি নিয়েও ক্ষোভপ্রকাশ করলেন। তিনি বললেন, 'যারা আমাকে চেনে তারা জানে। কিন্তু আমি নিজে থেকে কোথাও প্রীতিলতা ওয়াদ্দেদারের পরিবারের সদস্য বলে পরিচয় দিই না। আমি কখনও ওঁকে ব্যবহার করে কোনও সুবিধা পেতে চাইনি। কিন্তু এখন স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে রাজনীতি চলছে। আমার এসব একদম ভালো লাগে না। এসব বন্ধ হোক। সবার শুভবুদ্ধির উদয় হোক।' স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু যেতে অনিচ্ছুক তিনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.