
Nipah Virus Death: রাজ্যে প্রথম নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে মৃত্য়ুর ঘটনা ঘটল। বারাসতে নিপা ভাইরাসে আক্রান্ত তরুণী নার্সের মৃত্যু ঘিরে ফের নতুন করে ছড়াল উদ্বেগ। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিপা ভাইরাসে আক্রান্ত যে নার্স মারা গিয়েছেন। মৃত্যুর কারণ হৃদ্রোগজনিত হঠাৎ হার্ট বন্ধ হয়ে যাওয়া। রথতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এদিন ওই রোগীর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর । জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা ওই তরুণীর নাম (সৌমি রায় চৌধুরী, বয়স ২৫)। বর্ষবরণ এর ছুটিতে সে বাড়ি যায়। তারপর গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ (৫ তারিখ)থেকে অসুস্থ হয়ে ভর্তি হন। প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে নিজের কর্মস্থলে অর্থাৎ বারাসতে বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলে।বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে বারাসাতের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।পরীক্ষায় তাঁর শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। একই সময়ে তাঁর এক পুরুষ সহকর্মীর শরীরেও নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছিল। তিনি একই হাসপাতালে ভর্তি ছিলেন। তবে চিকিৎসায় সাড়া দিয়ে কিছুদিন আগেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার প্রয়োজনে ওই তরুণীকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল,এক সময়ে কোমায় চলে গিয়েছিলো সে। মাঝেমধ্যে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও পরবর্তীতে ফের শ্বাসকষ্ট শুরু হয়। পরীক্ষায় দেখা যায়, দীর্ঘদিন ক্রিটিক্যাল কেয়ারে থাকার ফলে তাঁর ফুসফুসে দ্বিতীয় সংক্রমণ মেলে। বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের ভেন্টিলেশনে দেওয়া হয়। দীর্ঘ সময় কোমায় থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা তলানিতে ঠেকেছিল বলেও চিকিৎসকরা জানান। তার উপর ফুসফুসে সংক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সমস্ত রকম সতর্কতা অবলম্বন করেই চিকিৎসা চালানো হচ্ছিল। চিকিৎসক থেকে নার্স- সকলেই পিপিই কিট পরে রোগীর দেখভাল করছিলেন। স্বাস্থ্য দফতরের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া না হলেও গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। এদিকে নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বারাসত জুড়ে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.