
প্রতি বছরের মতো এবছরও দোল ও হোলি উৎসবকে কেন্দ্র করে শহরে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এই দিন শহরে নানা অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। মত্ত এবং বেপরোয়া চালকদের দৌরাত্ম্যের জেরে একাধিক দুর্ঘটনার খবরও আসে। এই সকল পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে কারণে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। আজ বিভিন্ন জায়গায় থাকবে পুলিশ পিকেট এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।
আজ ৩৯৮টি জায়গায় কলকাতা পুলিশের পিকেট থাকবে। এর মধ্যে আছে খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, শ্যামবাজার সহ ৮৬টি জায়গা। বিশেষ দায়িত্বে থাকবে ছয়জন করে পুলিশকর্মী। বাকি ৩১২ পিকেটে তিনজন করে পুলিশ থাকবে। বন্দর এলাকায় প্রায় ৭২টি পিকেট থাকবে। দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ শহরতলিতে ৩৬টি করে পিকেট থাকবে। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ও শহরে নজরদারিতে টহলদারি ভ্যান ও পিসিআর ভ্যান থাকবে ৬২টি।
এদিকে আজ গঙ্গার ঘাটে থাকবে বাড়তি ভিড়। সে কারণে সতর্কতা জারি করেছে পুলিশ। লালবাজারের পক্ষ থেকে বলা হয়েছে, পিকেট ছাড়াও ২৪টি ঘাটে ডিএমজি দল থাকবে।
এদিকে আবার দোলের দিন সকালে মিলবে না মেট্রো। ব্লু লাইন হোকবা গ্রিন লাইন কিংবা অরেঞ্জ ও পার্পেল লাইন- কোনও লাইনেই সকালে পরিষেবা পাবেন না। এমন জানিয়ে দিল কর্তৃপক্ষ। আজ কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোর পর। প্রথম মেট্রোর সময় বদল হলেও শেষ মেট্রোর সময় বদল হচ্ছে না। দোলের দিন গ্রিন লাইনেও (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ) পরিষেবার পরিবর্তন হবে। জানা গিয়েছে, প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২ টোর পর। ২টোর পর এই লাইনে দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে। এদিন ব্লু লাইনে আপ-ডাউন মিলিয়ে ৬০টি ট্রেন ছাড়বে। নোয়াপাড়া থেকে প্রথম পরিষেবা পাওয়া যাবে দুপুর আড়াইটে নাগাদ। দুপুর ২টোর পর থেকে পরিষেবা পাওয়া যাবে ব্লু এবং গ্রিন লাইনে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.