
NIA Arrests Saokat Molla: বাংলাদেশে (Bangladesh) পালিয়ে যাওয়ার চেষ্টা সফল হয়নি। বাঁচার সব পথ বন্ধ দেখে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। সেই সময়ই ক্যানিং পূর্ব কেন্দ্রের প্রাক্তন তৃণমূল কংগ্রেস (AITC) বিধায়ক সওকত মোল্লাকে গ্রেফতার করল এনআইএ। শুক্রবার রাতে নিউটাউনে এনআইএ দফতরে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন সওকত। সেই সময় বারুইপুরের কাছাকাছি এক অঞ্চল থেকে তাঁকে পাকড়াও করা হয়। এবারের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া অঞ্চলে বিস্ফোরণের ঘটনায় সওকতকে গ্রেফতার করা হল। এই বিস্ফোরণে একজনের মৃত্যু হয় এবং কয়েকজন জখম হন। এই বিস্ফোরণের ঘটনায় সওকতের বিরুদ্ধে অভিযোগ আনেন আইএসএফ (Indian Secular Front) চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। তিনি এনআইএ তদন্তের দাবি জানান। নওশাদের সেই দাবি মেনে নেওয়া হয়। পুলিশের হাত থেকে এনআইএ-র হাতে তদন্তভার যায়। এই তদন্তের সূত্রেই সওকতকে গ্রেফতার করা হল।
বৃহস্পতিবার ভোর থেকে সওকতের খোঁজে তল্লাশি শুরু করে এনআইএ। প্রথমে জীবনতলায় সওকতের বাড়িতে যায় এনআইএ-র দল। কিন্তু সেখানে প্রাক্তন বিধায়ককে পাওয়া যায়নি। তাঁর বাড়ির দরজায় তালা দেওয়া ছিল। এরপর সওকতের কার্যালয়ে তল্লাশি চালায় এনআইএ। সওকতের ছেলে-মেয়ে, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়কের খোঁজ পাওয়া যায়নি। শেষপর্যন্ত শুক্রবার রাতে সওকতকে হাতে পেল এনআইএ।
সুন্দরবনের বাসন্তী ব্লকের প্রত্যন্ত গ্রাম চুনাখালি দিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সওকত। কিন্তু সীমান্ত পেরিয়ে তাঁর পক্ষে ওপারে যাওয়া সম্ভব হয়নি। এরপর সারাদিন গা ঢাকা দিয়ে থাকার পর রাতে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন প্রাক্তন বিধায়ক। সেই সময়ই তাঁকে ধরা হল। শনিবার হয়তো তাঁকে আদালতে পেশ করা হবে। ভাঙড়ে বিস্ফোরণের মামলায় দোষী সাব্যস্ত হলে সওকতের কঠোর শাস্তি হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.