
Suvendu Adhikari: রাজ্যে শিল্পের পরিবেশ ফেরাতে ইতিমধ্যেই ৩৩টি শিল্প গোষ্ঠীকে জমি দেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শ্যাম স্টিল, অমিত মেটালিক্স, আমূলের প্ল্যান্ট এবং লাক্স কোজির মতো একাধিক সংস্থার প্রকল্পের ভূমিপুজো ও উদ্বোধন হয়ে গেছে। জিন্দাল গোষ্ঠীর দ্বিতীয় ইউনিটের প্রসঙ্গ টেনে শুভেন্দু জানান, ‘‘সজ্জন জিন্দালের সঙ্গে কথা হয়েছে। জানুয়ারি মাসে, তারা দ্বিতীয় ইউনিটের সূচনা করতে চান। একটি পাবলিক হিয়ারিং বাকি আছে, জেলাশাসক সেটি দ্রুত দেখে নেবেন।’’ বাংলায় আর কোনওভাবেই বন্ধের রাজনীতি চলবে না এবং যে সংস্থা যত বেশি কর্মসংস্থান তৈরি করবে, সরকার তাদের তত বেশি সুযোগসুবিধা দেবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি (Suvendu Adhikari Latest News)।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কর্মসংস্থানমূলক উদ্যোগ আয়োজিত পুলিশ অ্যাসিস্ট্যান্স ইন কেরিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট-এর মঞ্চ থেকে এসে কার্যত, রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থান সংক্রান্ত একগুচ্ছ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার, মেদিনীপুরের এই কর্মসূচিতে যোগ দিয়ে বিগত সরকারের সমালোচনা করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও বলে দেন মুখ্যমন্ত্রী।
এদিন শুভেন্দু বলেন, টাটার কারখানা তাড়িয়ে আদতে রাজ্যে শিল্পের ক্ষতি করা হয়েছিল। এসএসসি-তে নিয়োগ না করে চুক্তিভিত্তিক কর্মী দিয়ে কাজ চালানো হয়েছে এবং ৫১টি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ হয়ে যাওয়ার গোলে, রাজ্যে বেকারের প্রকৃত সংখ্যাও এখন অজানা। আগের পোর্টালে প্রায় সাড়ে আট লক্ষ আবেদনকারীর কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হলেও চাকরি দেওয়া হয়েছিল মাত্র ৯ হাজার জনকে। নতুন একটি পোর্টাল চালু করে ১,০৩১ জনকে চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী সোমবার ঘোষণা করেন, ২০২৭ সাল থেকে সরকারি নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীরা তাদের বয়সসীমায় অতিরিক্ত দু-বছরের ছাড় পাবেন। এছাড়া স্বনির্ভরতার জন্য ‘বিশ্বকর্মা যোজনা’ ফিরিয়ে আনা হয়েছে এবং আগামীদিনে কলেজ পড়ুয়াদের জন্য ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্পও চালু করা হবে।
পাশাপাশি কোনও জুয়া বা সাট্টার আসর বসানো চলবে না বলে জানান তিনি। বেআইনি মাদক রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.