
সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য ঘিরে বিতর্ক মালদায়। দেশের প্রধানমন্ত্রী ও বিজেপিকে ‘বিষধর সাপ’ বলে কটাক্ষ করলেন মালতিপুরের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। শুধু তাই নয়, গ্রামে ঢুকলে লাঠি দিয়ে তাড়ানোরও নিদান দেন তিনি।
মঙ্গলবার দুপুরে মালদা জেলার চাঁচল–২ ব্লকের আটঘরা এলাকায় রাজ্য সরকারের রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। স্বাধীনতার পর থেকে ওই রাস্তা কাঁচা রাস্তা হিসেবে ছিল। অবশেষে রাজ্য সরকারের রাস্তা স্ত্রী ও পথস্রি প্রকল্পের দেড় কোটি টাকা ব্যয় ৪ কিলোমিটার রাস্তার কাজের শুভ সূচনা করা হলো আজ। নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে রাস্তার কাজের শুভ শিলান্যাস করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। সরকারি কর্মসূচির মঞ্চ থেকেই রাজনৈতিক আক্রমণ শানান।
বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বক্সি বলেন, প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টি ‘বিষধর সাপ’, যারা মানুষের জন্য ক্ষতিকারক। তাঁর কথায়, “এলাকায় এলাকায় বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে। মানুষকে যখন তখন ছোবল দিচ্ছে। এলাকায় দেখলে লাঠি দিয়ে তাড়া করুন।”
সরকারি অনুষ্ঠানের মঞ্চে এমন মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে রাজনৈতিক শালীনতা নিয়ে। অন্যদিকে, এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। মালদা উত্তর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া পাল্টা কটাক্ষ করে বলেন, রহিম নিজে বিষধর সাপ। জনগণ সব দেখছে, সময় হলে জবাব দেবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.