
ভোট চলছে। কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রাজ্যে। তারমধ্য়ে ভোট সন্ত্রাসের বলি এক ব্যক্তি। নির্বাচনী মরশুমে রাজনৈতিক হিংসার বলি হলেন এগরার এক যুবক। দাঁতনের বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিলে গিয়ে আক্রান্ত হওয়ার পর, দীর্ঘ লড়াই শেষে মৃত্যু হলো তাঁর। মৃত যুবকের নাম নগেন গিরি। তিনি এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে, গত ২১ এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর সংলগ্ন অতলা বস্তি এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত একটি বাইক র্যালিতে যোগ দিতে গিয়েছিলেন নগেন। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে ওই ব়্যালির ওপর হামলা চালায়। লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে চালানো এই আক্রমণে প্রার্থীসহ বেশ কয়েকজন বিজেপি কর্মী রক্তাক্ত হন।
নগেন গিরির মাথায় ও শরীরে গুরুতর চোট লাগে। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর। যদিও আক্রান্ত হওয়ার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ছয় দিন ধরে হাসপাতালেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তিনি। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে গতকাল তাঁর মৃত্যু হয়। যুবকের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
গতকাল বিকালে নগেন গিরির মৃতদেহ গ্রামে পৌঁছালে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এগরার বিজেপি নেতৃত্ব এবং দলের কর্মীরা মৃত কর্মীর বাড়িতে গিয়ে তাঁর মরদেহে মাল্যদান করেন ও শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল পরাজয়ের ভয়ে এই ধরণের হিংসাত্মক পথ বেছে নিচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.