
দক্ষিণ ২৪ পরগনা বাসন্তীতে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। তাঁর গাড়ির কাচ ভেঙে দেয়ার অভিযোগ। কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ১২৮ বাসন্তী বিধানসভা বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের উপরে হামলা হয়েছে। শিমুলতলা ৭৬ নম্বর বুথে বুথ দখলের অভিযোগ পেয়ে তিনি যান। সেখানেই তাঁকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। তাঁকে মারধর এবং তাঁর নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এছাড়াও গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
দ্বিতীয় দফায় আজ ১৪২ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকে। এখনও পর্যন্ত মোটের উপর শান্তিতেই ভোট হচ্ছে। ছোটখাট অশান্তি ছাড়া বড় কোনও ঘটনা ঘটেনি। পশ্চিমবঙ্গে ভোটদানের বাড়তি হার দ্বিতীয় দফাতেও অব্যাহত। বুধবার রাজ্যের ১৪২ আসনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৮.৩৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোটদানের হার পূর্ব বর্ধমানে। সবচেয়ে কম দক্ষিণ কলকাতায়। প্রথম দু’ঘণ্টার ভোটদানের হারে দ্বিতীয় দফা সামান্য পিছিয়ে থাকল প্রথম দফার তুলনায়। প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ১৮.৭৬ শতাংশ।
সকাল ৯টা পর্যন্ত দ্বিতীয় দফায় ১৪২টি আসনের মধ্যে ভোটের হার সবচেয়ে বেশি মন্তেশ্বরে— ২২.৫৩ শতাংশ। তার পরেই রয়েছে গলসি। সেখানে সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ২২.৪৯ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মহেশতলায়— ১৪.৯০ শতাংশ। ভাঙড়ে সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৫.১৯ শতাংশ। ভবানীপুরে ভোট পড়েছে ১৭.০৮ শতাংশ।
এদিকে, ভোটের আবহে ভাঙড় বিধানসভার সাঁইহাটি এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এলাকায় পৌঁছোতেই আইএসএফ চেয়ারম্যান, ভাঙড়ের বিদায়ী বিধায়ক তথা প্রার্থী নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিদায়ী বিধায়ককে দেখেই স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়েন নওশাদ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.