
West Bengal Election News: রাজ্যে এসআইআরের জেরে প্রধান ও সাহায্যকারী বুথের সংখ্যা বাড়লেও কমছে গণনাকেন্দ্র। একুশের বিধানসভায় রাজ্যে ১০৮ টি গণনাকেন্দ্র থাকলেও আসন্ন নির্বাচনে তা কমে দাঁড়িয়েছে ৮৭। একাধিকবার গণনাকেন্দ্রের চুড়ান্ত সংখ্যা নিয়ে দ্বিমত পোষণ করেও অবশেষে ৮৭টি কেন্দ্র স্থির করে দিল্লিতে কমিশনের অনুমোদনের জন্য পাঠিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। এর মধ্যে ৩৯ টি জেলাসদরে এবং বাকি ৪৮ টি মহকুমাস্তরে। আপাতত কমিশনের অনুমতির অপেক্ষা।
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের জেলাসদর ভিত্তিতে এবার গণনাকেন্দ্র তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে। সেই নির্দেশ কার্যকরী করার জন্য আধিকারিকদের নির্দেশও দেন সিইও। তবে রাজ্যের ভৌগলিক বৈচিত্র অনুযায়ী শুধুমাত্র জেলাসদরে গণনাকেন্দ্র তৈরির সিদ্ধান্ত বাস্তবোচিত হবে না বলে জানান দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
উত্তরের পার্বত্য এলাকা, দক্ষিণের প্রত্যন্ত সুন্দরবন বা পশ্চিমের রুক্ষ্ম পুরুলিয়া অথবা জঙ্গলমহলের কথা মাথায় রেখে অথবা বড় জেলাগুলিতে মানুষের অসুবিধার কথা মাথায় রেখে জেলাসদরের পাশাপাশি নিদেনপক্ষে মহকুমাস্তরে গণনাকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর শুরু দড়ি টানাটানি খেলা। প্রথমে ১৬৫ পরে কমিয়ে ১৫০ করা হলেও মানতে চাননি সিইও বলে খবর। আরও এক দফা পর্যালোচনায় সংখ্যাটি দাঁড়ায় ১১২-তে। কমিশনের সঙ্গে কথা বলে ফের ফাইল ফেরত। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গণনা কেন্দ্রের সংখ্যা নির্ধারিত হয়েছে ৮৭। বর্তমানে তা নির্বাচন সদনের বিবেচনাধীন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই ৮৭টি কেন্দ্র থেকেই রাজ্যের ২৯৪টি আসনের ফল ঘোষণা করা হবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং গণনার স্বচ্ছতা বজায় রাখার দিকগুলি বিবেচনা করে সর্বোপরি মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ৮৭ টি গণনাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.