
West Bengal Assembly Elections 2026 Exit Poll: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ। আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনের মাধ্যমে ৫ রাজ্যের বিধানসভা ভোটগ্রহণ পর্ব সমাপ্ত হল। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল, পুদুচেরিতে ভোটগ্রহণ হল। এর মধ্যে পশ্চিমবঙ্গে দু দফায় ভোটগ্রহণ হয়েছে। বাকি রাজ্যগুলিতে একদফায়। আগামী ৪ মে ৫ রাজ্যের ভোটের ফলপ্রকাশ। কিন্তু তার আগেই চলে এল এক্সিট পোল। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট (West Bengal Assembly Elections 2026 Phase 2) শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মোট ১৪২ আসনে ভোটগ্রহণ হয়েছে। তার মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর কেন্দ্র। সেখানে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে লড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দুই দফার এই নির্বাচনে দ্বিতীয় দফাই মূলত ক্ষমতা দখলের চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় দফার লড়াইয়ে একাধিক ‘স্টার’ এবং হেভিওয়েট প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ ইভিএমে বন্দি হয়েছে। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ২০২১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৭৭টি আসন।
এশিয়ানেট বাংলার এক্সিট পোল
এশিয়ানেট বাংলার এক্সিট পোল সমীক্ষা বলছে, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে বিজেপি ৯৪টি আসন পেতে পারে। তৃণমূল পেতে পারে ৪০টি আসন। কংগ্রেস পেতে পারে ১১টি আসন। অন্যান্যরা পেতে পারে ৭টি আসন।
দ্বিতীয় দফায় বিজেপি নিশ্চিত ভাবে জিততে পারে ৫৮টি আসন। তৃণমূল পাচ্ছে ৭১টি আসন। আইএসএফ ১টি আসনে জিততে পারে। কংগ্রেসও ১টি আসনে জিততে পারে। ১০টি আসনের মধ্যে বিজেপি অথবা তৃণমূল সমানে সমানে টক্কর হচ্ছে ৯টি আসনে। ১টি আসনে তৃণমূলের সঙ্গে সিপিএমের টক্কর, যে কোনও দল জিততে পারে। বামেরা ১টি আসন পেতে পারে।
অন্যান্য সমীক্ষা
চাণক্য স্ট্র্যাটেজি যে সমীক্ষা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, বিজেপি ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে। তৃণমূল পাচ্ছে ১৩০ থকে ১৪০টি আসন। অন্যান্যদের এই সমীক্ষাতেও ৬ থেকে ১০টি আসন দেওয়া হয়েছে। পিপল্স পাল্স-এর সমীক্ষায় তৃণমূল পাচ্ছে ১১৭ থেকে ১৮৭টি আসন। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। কংগ্রেস ১ থেকে ৩টি আসন এবং বামেরা শূন্য থেকে একটি আসনে জয় পেতে পারে। পি-মার্কের সমীক্ষায় ১৫০ থেকে ১৭৫টি আসনে জিততে পারে। অন্য দিকে, তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। অন্যান্যদের কোনও আসন দেওয়া হয়নি এই সমীক্ষায়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.