
BJP Supporter Hacked to Death: ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি সমর্থককে নৃশংসভাবে হাঁসুয়ার মাধ্যমে এলোপাথাড়ি কোপ মেরে খুনের অভিযোগ। এই নৃশংস ঘটনা ঘটেছে মালদহের ইংলিশ বাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় অঞ্চলে। খুন হওয়া বিজেপি সমর্থকের নাম কিষান হালদার। তাঁর বয়স ২৮ বছর। পরিবারের অভিযোগ বুধবার রাতে তাঁকে কয়েকজন ফোন করে ডাকে। এরপর বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর বাগানপাড়া অঞ্চলে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় তাঁর আরও দুই বন্ধু আহত হয়েছেন। তবে কী কারণে এই খুন, তা এখনও জানা যায়নি। অভিযোগ উঠেছে প্রতিবেশী গোলাম হালদার, তাঁর ছেলে সুমন হালদার-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এদিকে যেখানে খুন করা হয়েছিল ওই বিজেপি সমর্থককে, সেখানে এখনও পড়ে রয়েছে খুনে ব্যবহৃত বড় আকারের একটি হাঁসুয়া। রক্তের দাগ এখনও রয়েছে সেই হাঁসুয়ায়।
বিজেপি সমর্থককে খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে দলীয় সমর্থক খুন হলেও, বিজেপি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। স্থানীয় বিষয় নিয়ে গোলমাল থেকেই খুন হয়েছে। গোলাম ও তার ছেলে সুমনের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থেকেই খুন হতে পারে। যাদের আটক করা হয়েছে তাদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই বলেও দাবি বিজেপি-র।
বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। সরকার গঠনের আগে শান্তির বার্তা দিচ্ছে বিজেপি নেতৃত্ব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.